হরতাল বানচালের জন্য কারখানাগুলো ব্যবহৃত হয়েছিল: মওদুদ
সাভারের নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ার ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ঘটনার দিন সকালে যুবলীগের নেতা সোহেল রানার নেতৃত্বে ওই ভবনে সমাবেশের প্রস্তুতি চলে। তিনি দাবি করেন, হরতাল বানচালের জন্য রাজনৈতিকভাবে ভবনের পোশাক কারখানাগুলো ব্যবহার করা হয়েছিল। কারখানার পাশাপাশি দীর্ঘদিন ধরে ভবনটি রাজনৈতিক কাজে ব্যবহার করা হতো।আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মওদুদ আহমদ। এর আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও বিএনপির নেতা-কর্মীরা সাভারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। মওদুদ আহমদ বলেন, পাঁচ দিন আগে থেকে সাভারে রানা প্লাজা ভবনটি বন্ধ করে দেওয়া হয়। গতকাল বুধবার হঠাত্ কোনো কারণ ছাড়া বেতন দেওয়ার লোভ দেখিয়ে কারখানাগুলো চালু করা হয়। সংবাদ সম্মেলনে সাভারে ভবন ধসে পড়ার ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড হিসেবে মনে করছে প্রধান বিরোধী দল বিএনপি। এটিকে গণহত্যা বলা যেতে পারে বলেও মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। এই ঘটনার জন্য তাঁরা সরকারকে দায়ী করেছেন। বিএনপি বলেছে, সরকারের চরম অবহেলা, সমন্বয়হীনতা, অদক্ষতা, অনীহার কারণে এত বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তাদের এই অদক্ষতার কারণে আরও প্রাণ যাবে। উদ্ধারকাজে সরকার সেনাবাহিনীকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি বলে মনে করছে বিএনপি। ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর মওদুদ আহমদ বলেন, সেখানে সেনাবাহিনীর কয়েকজনকে দেখা গেছে। কিন্তু তাঁদের হাতে উদ্ধারকাজের পুরোপুরি নিয়ন্ত্রণ এখনো নেই। সেনাবাহিনীর প্রকৌশলী বাহিনীকেও উদ্ধারকাজে যুক্ত করা হয়নি।বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, এই ভয়াবহ ঘটনার জন্য কারা দায়ী, তা সবাই জানে। তদন্তের কথা বলা হয় সময়ক্ষেপণের জন্য, সত্যিকারের অপরাধীদের বাঁচানোর জন্য। তিনি বলেন, তদন্তের প্রয়োজন নেই। সরকার, প্রশাসন, রাজউক, স্থানীয় সাংসদ এবং ভবনের মালিক এ ঘটনার জন্য দায়ী।মওদুদ আহমদ অভিযোগ করেন, স্থানীয় যুবলীগের নেতা মাসুদ রানা স্থানীয় সাংসদের মদদপুষ্ট। এ কারণে তাঁরা আইনকানুন ও নিয়মনীতির তোয়াক্কা করেননি। তাঁরা অনুমোদন ছাড়াই এই ভবন নির্মাণ করেছিলেন। বেআইনিভাবে এই ভবন নির্মাণ করতে দিয়ে সরকার নিজেই অপরাধ করেছে। তাই এত প্রাণহানির জন্য সরকারই দায়ী। মওদুদ আহমদ বলেন, ‘সরকার যে অপরিপক্বতার পরিচয় দিয়েছে তাকে আমরা ক্ষমাহীন অপরাধ বলে মনে করি।’ তিনি বলেন, জীবিতদের চিকিত্সার ব্যবস্থা করতেও সরকার ব্যর্থ হয়েছে। ইচ্ছাকৃতভাবে মৃত্যুকূপে ঠেলে দিয়ে এতগুলো জীবনহানি করা হয়েছে। সরকারের এই ইচ্ছাকৃত অবহেলার তীব্র নিন্দা জানায় বিএনপি। ভবনধসের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে যাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘দুর্ঘটনার আগে কিছু মৌলবাদী ও বিএনপির ভাড়াটে লোক সাভারের ভবনটির গেট ও বিভিন্ন স্তম্ভ ধরে “নাড়াচাড়া” করেছিল। ভবনটি ধসে পড়ার পেছনে এটিকেও “একটি কারণ” হিসেবে বিবেচনা করা যেতে পারে।’ তাঁর এই বক্তব্য প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘এই বক্তব্যের কোনো সত্যতা নেই। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘এরপর হয়তো তিনি বলবেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।’ সরকারের কাছে বিএনপির দাবি ভবনধসের ঘটনায় নিহতদের পরিবার ও পঙ্গুদের প্রত্যেককে আগামী এক সপ্তাহের মধ্যে ২০ লাখ করে টাকা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি। এ ছাড়া ভবন ধসের ঘটনায় এমন অনেকে আছেন যারা মারা গেছেন এবং যাঁদের উপার্জনক্ষম কেউ নেই। তাঁদের দায়ভার সরকারকেই নিতে হবে বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ প্রমুখ।