দেশের বিভিন্ন জায়গায় আজকের হরতালে ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগ, মৌলবাদী দল, র্যাব ও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তাঁর দাবি, র্যাব ও পুলিশের হামলায় তাঁদের দলের ১৫ জন আহত হয়েছেন এবং ২০ জনকে আটক করা হয়েছে। হরতাল শেষে আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিবির সভাপতি। আশুলিয়া, গাজীপুর, নেত্রকোনা, যশোর, বরগুনা, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় হরতালকারীদের ওপর হামলা হয়েছে বলে সিপিবির সভাপতি অভিযোগ করেন। তবে আজকের হরতালকে সফল হিসেবে ঘোষণা করেন মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি হরতাল সফল করার জন্য পরিবহন ও পোশাকশ্রমিকদের ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। ২৮ ডিসেম্বর বেলা তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমাবেশ ও মিছিল করবে। আগামী ১ জানুয়ারি বিশেষভাবে সাম্রাজ্যবাদবিরোধী দিবস পালন করবে বামদলগুলো। এ ছাড়া যুদ্ধাপরাধের বিচার, জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর রাজনীতি নিষিদ্ধ, তেল-গ্যাসের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে আগামী ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত জাগরণ কর্মসূচি পালন করবে বাম দলগুলো। ওই পাঁচ দিনে তারা যৌথভাবে দেশের বিভিন্ন জায়গায় ২৬টি জনসভা, ৫১টি সমাবেশ এবং পথসভা করবে। দলের নেতারা পাঁচটি ভাগে ভাগ হয়ে ওই কর্মসূচি পালন করবেন। এ সময় বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদসহ দুই দলের নেতারা উপস্থিত ছিলেন।