কাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। তিনি বলেন, শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে ও উসকানি সৃষ্টি করা হলে তার দায় সরকারকেই নিতে হবে। তিনি পাল্টা কর্মসূচি নিয়ে সরকারদলীয় সন্ত্রাসীদের রাজপথে না নামানোর আহ্বান জানান।গতকাল শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এ আহ্বান জানান। বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।বেগম জিয়া বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষা করতে চায়। সরকারকে সহযোগিতা করতে চায়। এ জন্য সরকারের পদত্যাগ কিংবা মধ্যবর্তী নির্বাচনের আনুষ্ঠানিক দাবি এখনো তোলা হয়নি। অবশ্য গত ১৯ মে পল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশে সরকারকে নতুন করে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছিলেন তিনি। তা ছাড়া বিভিন্ন সময় বিএনপির নেতা ও চারদলীয় জোটের অন্য শরিকেরাও সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন।খালেদা জিয়া সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘ক্ষমতাসীনদের বলছি, এখনো সময় আছে, পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেদের শুধরে নিন। বাংলাদেশের মানুষ না চাইলে দেশি-বিদেশি কোনো শক্তি আপনাদের ক্ষমতায় টেকাতে পারবে না।’বিএনপির চেয়ারপারসন বলেন, সরকারের ব্যর্থতা ও কুশাসনে দেশ, দেশের মানুষ ও অর্থনীতির যে বিপুল ক্ষতি হচ্ছে তার বিরুদ্ধে জনগণের প্রতিবাদ জানাবার জন্যই এই হরতাল। তিনি বলেন, ‘মাত্র কয়েকটি ঘণ্টা কাজ বন্ধ রেখে জালেম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য আমি সর্বস্তরের মানুষের প্রতি আবেদন জানাচ্ছি।’ হরতাল চলাকালে ও পরে সরকারের আচরণ দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে বলে জানান তিনি।বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার একদলীয় স্বৈরশাসন কায়েম করেছে। তাদের বিভাজনের রাজনীতি জাতিকে বিভক্ত, অনিরাপদ ও অস্থিতিশীল করে তুলেছে। গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কোনো নজর নেই। সরকার ব্যস্ত প্রতিহিংসা চরিতার্থ করতে। ব্যর্থতা ও কুশাসনের বিরুদ্ধে চট্টগ্রামের জনগণ সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে ঐতিহাসিক গণরায় দিয়েছে। এই নির্বাচনের ফলাফল বানচালে মিডিয়া ক্যুর চেষ্টাসহ সরকারের বিভিন্ন অপতৎপরতা মানুষের ঘৃণা ও নিন্দা কুড়িয়েছে। চট্টগ্রামের মানুষ সরকারের প্রতি যে সতর্ক সংকেত পাঠিয়েছে, তাদের তা অনুধাবন করা উচিত। খালেদা জিয়ার অভিযোগ, সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে। তারা টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র বন্ধ করছে। সরকারের রোষানলের শিকার হয়ে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জীবন হুমকির মুখে। রিমান্ডের নামে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নির্যাতনের মুখে তাঁর কাছ থেকে সাদা কাগজে সই আদায় করা হয়েছে।খালেদা জিয়া বলেন, ব্যাপক দলীয়করণ ও ভীতি প্রদর্শনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। দলীয়করণ, চাকরিচ্যুতি ও ব্যাপক ওএসডির ফলে গণপ্রশাসন স্থবির হয়ে পড়েছে। পুলিশ ও প্রশাসনকে কোথাও স্বাভাবিকভাবে ও আইনসম্মত পন্থায় দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সরকারি দলের সন্ত্রাসীদের দেশজুড়ে বেপরোয়া তাণ্ডব, সশস্ত্র সংঘাত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, ভর্তি-বাণিজ্যের মতো গুরুতর অপরাধ দমনের ব্যাপারে পুলিশের কিছুই করার নেই।খালেদা জিয়া সংসদকে অকার্যকর উল্লেখ করে বলেন, ‘স্পিকার কথা দিয়েছিলেন, সংসদে এসে এসব সমস্যা তুলে ধরলে তিনি সমাধানের উদ্যোগ নেবেন। আমরা সংসদে যোগ দিয়েছি। তিনি কথা রাখেননি। সংসদে বিরোধী দলের দায়িত্ব পালনের কোনো সুযোগই রাখা হয়নি।’নিজামীর আহ্বান: রোববার দেশব্যাপী শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার সুষ্ঠুভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে। জনগণের গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদা পূরণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। সরকার জামায়াতসহ বিরোধী দলকে ভূমিকা পালন করতে দিচ্ছে না। এ পরিস্থিতিতে হরতাল সফল করে আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।