হরতাল সফল দাবি, নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম কমানো ও বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে ডাকা আধাবেলা হরতাল পুরোপুরি সফল হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে সিপিবি ও বাসদ তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। আজ বুধবার দুপুরে মুক্তিভবনে সিপিবি কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে হরতাল পরবর্তী প্রতিক্রিয়া ও নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের নেতারা।সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘কোনো দলীয় রাজনৈতিক দাবিতে নয়, সাধারণ মানুষের কথা বলতেই এই হরতাল। আর সে কারণেই মানুষ এই হরতালে পুরোপুরি সমর্থন দিয়েছে। তাই এটি জনগনের হরতা।’ সিপিবি সভাপতি বলেন, আগেরদিন গাড়ি পুড়িয়ে, ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগ-বিএনপি যেমন হরতাল করে, তার চেয়ে অনেক ভালো হরতাল হয়েছে আজ। লোকজন গাড়ি বের করেনি। রিকশা-সিএনজি অটোরিকশা অনেক কম চলেছে। কিন্তু পুলিশ বাহিনী ডিজিটাল স্প্রে করে আমাদের নেতা-কর্মীদের আহত করেছে।’মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘উন্নত দেশে এইসব স্প্রে ব্যবহার নিষিদ্ধ। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এসে এই অস্ত্র ব্যবহার করছেন। সরকার হয়তো অ্যানালগ অস্ত্রের বদলে ডিজিটাল অস্ত্র ব্যবহার করছে। আমরা মনে করি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বাম নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। কাজেই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া হামলা হলে যে পুলিশ কর্মকর্তারা জড়িত, তাঁদের বিচার করতে হবে।’সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বলেন, ‘আমাদের হরতালের প্রতি সাধারণ মানুষ ব্যাপক জনসমর্থন দিয়েছে। ফলে সফলভাবে এই হরতাল পালিত হয়েছে। কিন্তু এই হরতাল দমনে সরকারের পুলিশ বাহিনী যে আচরণ করেছে, তাতে সরকারের বেসামাল আচরণই ফুটে উঠেছে। সারাদেশে পুলিশ বাহিনী বাম নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।’পুলিশের হামলায় আহত বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, মরিচের গুঁড়ো দিয়ে চোখ বন্ধ করতে চাইলেও জনগণের চোখ আসলে খুলছে। বক্তব্য শেষে সিপিবি ও বাসদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তিনি। নতুন কর্মসূচিনতুন কর্মসূচি অনুযায়ী আজকের হরতালে জোটের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবেন তাঁরা। ঢাকায় বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে।আগামী বোরো মৌসুমের চাষ পুরোদমে শুরু হওয়ার আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবি মেনে নিতে জোটের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। এই দাবিতে ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কৃষক ও খেতমজুর সংগঠনের সঙ্গে মিলে দেশের সব উপজেলায় গণবিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সরকারের কাছে দাবি পেশ করা হবে।৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে জাতীয় সংসদ অভিমুখে মিছিল ও স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করা হবে। এ ছাড়া নারী নির্যাতন বন্ধ, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার, জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধসহ ১৫ দফা দাবিতে আগামী ১৬ ফেব্রুয়ারি সিপিবি ও বাসদ ঢাকায় জাতীয় মহাসমাবেশ করবে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পৃথকভাবে আজ সারা দেশে আধা বেলা হরতাল কর্মসূচি পালন করেছে। এই হরতালে সমর্থন দিয়েছিল বিএনপি। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলে।