হরতাল সমর্থনকারীরা ছত্রভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২টি ইসলামপন্থী দলের ডাকা ৩০ ঘণ্টা হরতালের প্রথম দিন গতকাল রোববার পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে।কিছু স্থানে হরতাল সমর্থনকারীরা সড়কে অবরোধ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।বরগুনার কলাপাড়ায় পুলিশের ওপর হরতাল-সমর্থকদের হামলায় এক উপপরিদর্শকসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ৮৯ জনকে আটক করেছে পুলিশ। পাবনা, নোয়াখালী ও চাঁদপুরে পিকেটিং করার দায়ে ৩৯ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: শহরের দইবাজার মোড় ও গাছপাড়া মোড়ে দুপুর ১২টার দিকে মিছিল ও পিকেটিং করছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এ সময় বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এরপর পুলিশ ধাওয়া করে ১৫ জন নেতা-কর্মীকে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।বরিশাল: হরতালে দায়িত্ব পালনের জন্য পুলিশ শাহ বন্দর পরিবহন-১-এর একটি যাত্রীবাহী বাস রিকুইজিশন করে। গতকাল সারা দিন কাজ শেষে গাড়িটি নগরের কাউনিয়া থানা এলাকার মাহমুদিয়া মাদ্রাসাসংলগ্ন সড়কে রাখা হয়। সন্ধ্যা ছয়টার দিকে গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আতঙ্ক সৃষ্টি করতে হরতাল-সমর্থকেরা গাড়িটিতে আগুন দিয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে গতকাল ভোর ছয়টার দিকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর দক্ষিণ প্রান্তে কদমতলী এলাকায় রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে হরতাল সমর্থনকারীরা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এ ছাড়া সকাল নয়টার দিকে কালীগঞ্জ এলাকায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শতাধিক নেতা-কর্মী হরতালের পক্ষে স্লোগান দিয়ে দোকানপাট বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হন।আমতলী (বরগুনা): হরতালের সমর্থনে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে গত শনিবার বিকেলে আমতলী শহরে মিছিল বের করেন। এ কে স্কুল মোড়ে তাঁদের বাধা দেয় পুলিশ। এ সময় কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এতে আমতলী থানার উপপরিদর্শক (এসআই) হেমায়েত, কনস্টেবল আবুল হোসেন, মোশারফ, অনুপ দাস ও মজিবর আহত হন। এসআই হেমায়েত রাতেই আমতলী থানায় একটি মামলা করেন। মামলার পর শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত ইসলামী আন্দোলনের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।কলাপাড়া (পটুয়াখালী): গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের নাচনাপাড়া পয়েন্টে হরতাল-সমর্থকেরা টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করে। এ সময় পুলিশ সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হরতাল-সমর্থকেরা মহাসড়কসংলগ্ন চাকামইয়া ব্রিজের পশ্চিম পাশে গিয়ে জড়ো হয়। সেখান থেকে সরে যেতে বললে তারা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কলাপাড়া থানার এসআই মো. ইদ্রিস হাওলাদারসহ পুলিশের চার সদস্য আহত হন। এরপর পুলিশ ১৫ জন নেতা-কর্মীকে আটক করে।নোয়াখালী: সকাল থেকেই পিকেটাররা চৌরাস্তা ও চৌমুহনী বাজারে পিকেটিং করে এবং চৌমুহনী-লক্ষ্মীপুর, নোয়াখালী-কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ব্যারিকেড দেয়। সকাল আটটার দিকে জেলা শহরের সোনাপুর এলাকায় রাস্তার ওপর রাখা একটি বাস ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ পিকেটারদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় এবং ২০ জন পিকেটারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাত দিন করে কারাদণ্ড দেন।নরসিংদী: নরসিংদীতে হরতালের সমর্থনে মিছিল এবং ঢাকা-সিলেট মহাসড়কে পিকেটিং করার সময় ২৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে শহরের ভেলানগর বাসস্ট্যান্ড, সাহেপ্রতাব মোড় এবং পাঁচদোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।চাঁদপুর: চাঁদপুরে হরতালে পিকেটিং করার সময় গতকাল দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত চারজনকে পাঁচ হাজার এবং অপর চারজনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অনাদায়ে যথাক্রমে ২০ দিন ও সাত দিন করে কারাদণ্ড ভোগ করতে হবে।খুলনা: হরতালের সমর্থনে পিকেটিং করার সময় নগরের বিভিন্ন স্থান থেকে ১৯ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর শাখার সভাপতি মাওলানা মোজাম্মেল হক দাবি করেন, সংগঠনের সোনাডাঙ্গা থানা শাখার সেক্রেটারি জাহিদ হাসানসহ ৩০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘পুলিশের বাধার কারণে নগরে আমরা মিছিল করতে পারিনি। একসঙ্গে দু-তিনজন নেতা-কর্মী দেখলেই আটক করা হয়েছে।’সিরাজগঞ্জ: হরতালের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে সন্দেহে শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে আটক করে পুলিশ। তবে গতকাল হরতাল মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।ভৈরব (কিশোরগঞ্জ): হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করতে ইসলামী আন্দোলনসহ সমমনা দলের কর্মীরা গতকাল বেলা ১১টার দিকে ভৈরবের আকবরনগর এলাকায় জড়ো হন। তাঁরা ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কিছু যান আটকে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে।