হরতাল সামনে রেখে জোটের শরিকদের ডেকেছেন খালেদা জিয়া
হরতালসহ আন্দোলন কর্মসূচি সামনে রেখে চারদলীয় জোটের তিন শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে কাল বৃহস্পতিবার কথা বলবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অন্য শরিক খেলাফত মজলিসের নেতারা এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।বিএনপি ও শরিক দলের নেতারা জানান, আজ বুধবার সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপির চেয়ারম্যান সাংসদ আন্দালিব রহমান ও ইসলামী ঐক্যজোটের দলের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এ কথা নিশ্চিত করেছেন। তবে খালেদা জিয়া তাঁদের সঙ্গে কী নিয়ে কথা বলতে চান, সে বিষয়ে তাঁদের কিছু বলা হয়নি বলে জানান তাঁরা।জামায়াতের একজন নেতাও তাঁদের সঙ্গে বিএনপির যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।তবে জোটের আরেক শরিক খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইহসাক ও মহাসচিব আহমাদ আবদুল কাদের আজ বিকেলে জানিয়েছেন, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।