হরতাল স্থগিত করল হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী রোববারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি স্থগিত করেছে। সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর পক্ষে তাঁর প্রেস সচিব মুনির আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত বুধবার রাতে হেফাজতের আমির শাহ আহমদ শফী মুঠোফোনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় আহমদ শফী তাঁকে, তাঁর ছেলে আনাছ মাদানি, খাদেম তৌহিদ ও আবদুর রহমান চৌধুরীকে যেন গ্রেপ্তার করা না হয়, সে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা চান। গতকাল আহমদ শফী রোববারের হরতাল স্থগিত করার ঘোষণা দেন।তবে, এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলোর কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। আবার আহমদ শফীর ফোন করার কথা অস্বীকারও করেননি।এদিকে মহাজোটের শরিক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ গতকাল হাটহাজারী মাদ্রাসায় গিয়ে আল্লামা শফীর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁদের মধ্যে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচিতে সহিংস ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতে হেফাজতের নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সূত্রটির দাবি, আনিসুল ইসলাম উদ্ভূত পরিস্থিতিতে রোববারের হরতাল প্রত্যাহার করার জন্য আহমদ শফীকে অনুরোধ করেন।জানতে চাইলে হাটহাজারী এলাকার সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘ওনার (আল্লামা শফী) সঙ্গে নানা বিষয়ে কথা হয়েছে। তাঁকে হরতাল প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। আরও অনেকে হয়তো করেছেন।’হরতাল প্রত্যাহারের ক্ষেত্রে আনিসুল ইসলাম মাহমুদের কোনো ভূমিকা আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘কেউ কৃতিত্ব নিতে চাইলে নেবে, আমাদের এ ব্যাপারে কিছু বলার নেই।’তবে, হেফাজতে ইসলামের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কঠিন ও ভয়াবহ সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় আল্লামা শাহ আহমদ শফী রোববারের হরতাল স্থগিতের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে চলমান আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় আজ শুক্রবার সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানান তিনি।বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন মাদ্রাসায় হামলা, ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে মামলা, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম-খতিবসহ তৌহিদি জনতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহমদ শফী আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহ, রাসুল (স.), কোরআন ও ইসলামের অবমাননার বিরুদ্ধে এবং ইসলামি সংস্কৃতিসহ সামাজিক অনুশাসন রক্ষায় আল্লাহর দেওয়া দায়িত্ব হেফাজতে ইসলাম যথাসাধ্য পালন করার চেষ্টা করছে। এখন সব জুলুম-অত্যাচারের বিচারের ভার আল্লাহর ওপর সোপর্দ করা হলো। কারণ তিনিই উত্তম ফায়সালাকারী।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মে শান্তিপূর্ণ অবরোধ-পরবর্তী সমাবেশ চলাকালে রাজধানীর বিভিন্ন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকের এটিএম বুথে লুটতরাজ, অগ্নিসংযোগসহ সড়কের অসংখ্য গাছ নিধন হেফাজতে ইসলামের কোনো নেতা-কর্মীর দ্বারা সংঘটিত হয়নি। হেফাজতের অহিংস কর্মসূচিকে কলুষিত করতে বিশেষ একটি স্বার্থান্বেষী মহল এসব ঘটনা ঘটিয়ে হেফাজতের ঘাড়ে দায় চাপাচ্ছে।পিলখানায় লাশ গুমের অভিযোগ: গতকাল সকালে হাটহাজারী মাদ্রাসায় এক মতবিনিময় সভায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী দাবি করেন, তাঁরা বিভিন্ন সূত্র থেকে তথ্য পেয়েছেন, শাপলা চত্বরের অভিযানে নিহত হাজার হাজার আলেম-ওলামার লাশ পিলখানাসহ কিছু সন্দেহজনক স্থানে গুম করা হয়েছে। বিজিবি সদর দপ্তর পিলখানাসহ সন্দেহজনক স্থানগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া, এ ঘটনায় সরকারি প্রেসনোট জারি ও ‘গণহত্যার’ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন হেফাজতের এই নেতা।গত বুধবার ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সভায় মাওলানা মুহিব্বুল্লাহ প্রশ্ন তোলেন, ‘সেদিনের অভিযান যদি সম্পূর্ণ রক্তপাতহীন হয়ে থাকে, তাহলে যে আটজন নিহত হওয়ার কথা পুলিশ কমিশনার স্বীকার করেছেন, তাঁরা কীভাবে শাহাদাত বরণ করেছেন? ব্যাপকভাবে হতাহত না হলে ওই রাতে নিরাপত্তা বাহিনী ট্রাকে কী বহন করেছিল? কথিত অভিযান প্রকাশ্য দিবালোকে পরিচালনা করা হয়নি কেন?’ তিনি বলেন, এসব প্রশ্নে যথোপযুক্ত জবাব পাওয়া গেলেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির আবদুল মালেক হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম, জয়নুল আবেদিন প্রমুখ।এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হাবিবুর রহমানসহ দলের কেন্দ্রীয় কার্যকরি কমিটি ও ধর্মভিত্তিক কয়েকটি দলের মোর্চা ‘ইসলামী দলসমূহের’ নেতারা পৃথক বিবৃতিতে পুলিশ কমিশনারের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান। তাঁর বক্তব্য আওয়ামী লীগের নেতাদের বক্তব্যকেও হার মানিয়েছে বলে বিবৃতিতে মন্তব্য করা হয়।