হরতাল: খুলনায় পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের লাঠিপেটাসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে খুলনায় হরতাল পালিত হচ্ছে।হরতাল চলাকালে পিকেটিংয়ের সময় নগরের শিববাড়ী মোড়, পিটিআই মোড়, পশ্চিম রূপসা ঘাট এলাকায় পুলিশ হরতাল সমর্থকদের ওপর লাঠিপেটা করে। এতে অর্ধশতাধিক হরতাল সমর্থক আহত হয়েছে। পুলিশ নগরের বিভিন্ন এলাকা থেকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও খেলাফত মজলিসের খুলনা মহানগর সেক্রেটারি নাসিরউদ্দিনসহ ১০ জনকে আটক করে।হরতাল চলাকালে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। হরতাল সমর্থকেরা বিআরটিসি দুটি বাসে ভাঙচুর চালিয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস, আদালতে উপস্থিতি ছিল কম। নগরের শপিং কমপ্লেক্স ও মার্কেট বন্ধ, তবে ব্যাংক ও বিমায় লেনদেন স্বাভাবিক রয়েছে। ট্রেন ও লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে। খুলনার শিল্প অঞ্চল খালিশপুর, দৌলতপুর, আটরা ও গিলেতলাসহ সব সরকারি ও বেসরকারি পাটকল ও অন্যান্য কলকারখানার উত্পাদন স্বাভাবিক রয়েছে।