হরতাল: ঢাকায় সংঘর্ষে আহত ৯, আটক ১০
রাজধানীর নয়াপল্টন, মহাখালী ও কেরানীগঞ্জে আজ সোমবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসব ঘটনায় নয়জন আহত হয়। পুলিশ নয়াপল্টন থেকে ছয়জন ও মহাখালী থেকে চারজনকে আটক করেছে।নয়াপল্টন: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় বিএনপির চার কর্মী আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ পর্যন্ত দলের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচলে বাধা দেওয়ায় দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে সাংসদ শাম্মী আক্তার, নিলুফার হক, রেহানা আক্তার, মাহবুবু উদ্দিন খোকন ও হারুন আল রশীদ মাঝ রাস্তায় বসে পড়ে। পরে পুলিশ জলকামান ব্যবহার করে তাঁদের উঠিয়ে দেয়। এ ঘটনায় কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে। বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কটিতে যান যান চলাচল বন্ধ রয়েছে।মহাখালী: মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও নেতা-কর্মীদের লাঠিপেটা করে। পরে পিকেটিংয়ের অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। এদের মধ্যে দুজন নিরপরাধ বলে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটক শোভনের বাবা হারুনুর রশীদ দাবি করেন, তাঁর ছেলে নিরপরাধ। বিএনপির পিকেটিংয়ের সঙ্গে সে জড়িত ছিল না। ঘুম থেকে ওঠে ওয়ারলেস গেট এলাকার ব্লক-জ এর ১৪০ নম্বর বাড়ির সামনে গেলে পুলিশ শোভনকে ধরে নিয়ে যায়। শোভনের প্রতিবেশী শাকিলা শেফালি জানান, পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দিলে শোভন দৌড় দেয়। পুলিশ তখন তাকে আটক করে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতা ওসমান ফারুক ও সেলিমা রহমানসহ দলীয় নেতা-কর্মীরা ওয়ারলেস গেটের কাছে বেলা পৌনে ১২টার দিকে সভা করছিল। একপর্যায়ে পুলিশ তাঁদের ধাওয়া করে। নেতা-কর্মীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে । পুলিশ সেখান থেকে দুজনকে আটক করে। ফেরার পথে স্থানীয় বিডিআর শপের ভেতর থেকে আরেকজনকে আটক করে পুলিশ। পুলিশের গাড়িতে তোলার সময় সে চিত্কার করে বলছিল, সে নিরপরাধ। সে ক্রিকেট খেলছিল। সংঘর্ষের সময় সে দোকানে ঢুকে।গুলশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেউ নিরপরাধ হলে তাকে ছেড়ে দেওয়া হবে। কেরানীগঞ্জ: কেরানীগঞ্জের হাসনাবাদে সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামানের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত নেতা-কর্মীরা ছয়-সাতটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে তাদের প্রায় দুই ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে রিকশাচালক সাকায়েত হোসেন (৪০), দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল (৩০), ছাত্রদল কর্মী রানা (২৯), সেলিম (২৮) ও সোহাগ (২৬) আহত হয়।