হরতাল: পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ
হরতাল সমর্থকেরা চট্টগ্রামের পটিয়ায় আজ সোমবার ভোর থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে রেখেছে। স্থানীয় ছোট-বড় বেশ কয়েকটি মাদ্রাসার প্রায় ছয় হাজার ছাত্র এ কর্মসূচি পালন করছে। মাদ্রাসাগুলোর মধ্যে আল-জামিয়া ও আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ গড়ে তুলেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতাল সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পটিয়া থানার মোড়, ডাকবাংলো, পটিয়া শান্তির হাট ক্রসিং, উপজেলা পরিষদের সামনেসহ ছয়-সাতটি স্থানে সকাল ছয়টা থেকে ব্যারিকেড দিয়ে অবরোধ গড়ে তোলে। এ সময় সড়কে কোনো যান চলাচল করেনি। পিকেটাররা এমনকি খালি অ্যাম্বুলেন্সকেও সড়কে চলতে দেয়নি। অবরোধ চলাকালে তারা কাফনের কাপড় পরে সড়কে কোরআন তিলাওয়াত করেছে। আবার মাঝেমধ্যে তারা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করছে। রাজপথে হরতাল সমর্থকেরা জোহরের নামাজও আদায় করে। তবে এ সময় সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, পরিস্থিতির কারণে অবরোধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা বা প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি।