হরতাল: ফেনীতে অবরোধ-ভাঙচুরে আহত ৫, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে হরতাল চলাকালে আজ সোমবার পিকেটাররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থান অবরোধ করে রাখে। এ সময় তারা প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করলে পাঁচজন যাত্রী আহত হয়। ভাঙচুরের সময় পুলিশ দুজনকে আটক করেছে। সূত্র জানায়, পিকেটাররা আজ সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার, দত্তসার, দুলা মিয়া রাস্তার মাথা, ফতেপুর স্টার লাইন ফিলিং স্টেশন, ফেনী পল্লী বিদ্যুত্ অফিসের সামনে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে রাখে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাক ভাঙচুর করে। এ সময় কুমিল্লার লাকসাম থেকে চট্টগ্রামের মাইজভান্ডারি যাওয়ার পথে একটি বাসের পাঁচজন বাসযাত্রী আহত হয়। আহতদের ফেনী সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।গাড়ি ভাঙচুরের সময় মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে পুলিশ দুজন পিকেটারকে আটক করেছে।হরতাল চলাকালে শহরে দোকানপাট বন্ধ ছিল। সড়কে ব্যাটারিচালিত টমটম ও রিকশা ছাড়া কোনো যানবাহন ছিল না। মহাসড়ক ও শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।