হরতালকারীরা মাঠে ছিল না, জীবনযাত্রা স্বাভাবিক ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক ১২টি দল ও সংগঠনের ডাকা টানা ৩০ ঘণ্টার হরতাল গতকাল সোমবার দুপুর ১২টায় শেষ হয়েছে। শেষ দিনে হরতালের সময় রাজধানীর জীবনযাত্রা অনেকটাই ছিল স্বাভাবিক। রাজপথে হরতালকারীদের দেখা যায়নি। হরতালের সময় ‘পুলিশের নির্যাতন ও সরকারদলীয় সন্ত্রাসীদের হামলার’ প্রতিবাদে আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সংগঠনগুলো। ওই দিন জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে সমাবেশও করবে তারা।ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু রোববার ও ধর্মভিত্তিক ১১টি দল ও সংগঠন এর সঙ্গে গতকাল দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডাকে। সংশোধিত সংবিধানের মূল নীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দিয়ে সেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’ প্রতিস্থাপন করার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। এ ছাড়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল, জাতীয় নারীনীতি ও শিক্ষানীতির কিছু ধারা সংশোধন করার দাবিও এ কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে সংগঠনগুলো।আগের দিনের মতো গতকালও হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। দুটি দল এই হরতালের সমর্থন দিয়েছিল। গতকাল হরতাল চলাকালে সকালে কেবল একটি মিছিল বের হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে মালিবাগের হাজীপাড়া ফিলিংস্টেশনের কাছ থেকে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ একটি মিছিল বের করে রেলগেটের দিকে যায়। পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।সংগঠনের যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানি মিছিলের নেতৃত্বে ছিলেন। হরতালের প্রথম দিন সকালে পুলিশ পুরানা পল্টন এলাকা থেকে তাঁকে আটক করে রাতে ছেড়ে দিয়েছিল। এ ছাড়া পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কলাপসিবল গেটে তালা মেরে হরতালের পক্ষে স্লোগান দিয়েছে দলটির ১০-১৫ জন কর্মী। এ সময় পুলিশ গেটের বাইরে দাঁড়িয়েছিল।হরতাল শেষে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ বলেন, দমন-নিপীড়ন যাই আসুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ৩০ ঘণ্টার হরতাল কর্মসূচিকে তিনি সফল বলে দাবি করেন। গত রোববার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে প্রধানমন্ত্রী হরতাল আহ্বানকারী দলগুলোকে উদ্দেশ করে বলেছিলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিমের মধ্যে তারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না। হরতালের মধ্যে কি আল্লাহকে খুঁজে পাচ্ছেন?’ এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আবদুর রব ইউসুফী বলেন, ‘আমরা বিসমিল্লাহতেও আল্লাহকে পেয়েছি, হরতালেও আল্লাহকে পেয়েছি। পাইনি কেবল মহাজোটের সংবিধানে।’সংবাদ সম্মেলনে সমমনা ১১টি দল ও সংগঠনের নেতাদের মধ্যে নেজাম উদ্দিন, আবদুল লতিফ নেজামী, খলিলুর রহমান মাদানি, আলমগীর মজুমদার, হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।নয় কর্মী নিখোঁজ হওয়ার দাবি: পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিম দাবি করেন, তাঁদের নয়জন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, পুলিশ তাঁদের ধরে নিয়ে গেছে। কিন্তু সংশ্লিষ্ট থানায় তাঁদের পাওয়া যায়নি।নিখোঁজ কর্মীদের মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পাঁচজন, বরগুনার আমতলী থেকে তিনজন ও নোয়াখালীর কবিরহাট থেকে একজন। তবে তাঁদের নাম জানানো হয়নি।রেজাউল করিম বলেন, ফতুল্লার পঞ্চবটী ও কাঁচপুরে সংঘর্ষের পর পুলিশ নেতা-কর্মীদের ঘরবাড়িতে গিয়ে ধরপাকড় করছে। এর পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীরা মারধর করে অনেককে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার এ আচরণ বন্ধ না করলে জান ও ইমান বাঁচাতে আমরা লাগাতার হরতাল কর্মসূচি দিতে বাধ্য হব।’শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলে লাঠি-বাঁশ নিয়ে রাস্তায় নামা এবং পুলিশের দিকে তেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম দাবি করেন, ‘আক্রান্ত হওয়ার পর আত্মরক্ষার জন্য কর্মীরা হাতের কাছে যা পেয়েছে, তা নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছে।’সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ইউনূছ আহমাদ, ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।