হরতালকে অযৌক্তিক মনে করছে আওয়ামী লীগ
ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করার সমর্থনে আজ রোববার সকাল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, অযৌক্তিক এই হরতাল ঢাকার অধিবাসীরা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, বিরোধী দলের হরতাল প্রতিহত করতে সরকারের বা দলের কোনো কর্মসূচি নেই। আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে হানিফ বলেন, হরতালে সাধারণ জনগণের জীবনযাত্রায় কোনো ব্যাঘাত ঘটেনি। তবে পোড়ানোর ভয়ে রাস্তায় গাড়ি কম চলেছে। গাড়ি পোড়ানোর আতঙ্কে অনেকেই রাস্তায় বের হয়নি। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রশাসন বিকেন্দ্রীকরণ করায় একদিকে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হলেন, আরেকদিকে আবার হরতাল দিলেন। কিন্তু এই হরতাল দিয়ে সরকারের অগ্রগতির ধারাকে বাধাগ্রস্ত করা যাবে না। অন্যদিকে আজ সকালে সচিবালয়ের সামনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, অযৌক্তিক কারণে প্রধান বিরোধী দল বিএনপি ঢাকায় হরতাল ডেকেছে।