হরতালকে অর্থনীতি বিরোধী কার্যক্রম মনে করেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা আগামী ২৭ জুনের হরতালের পক্ষে নন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও শিল্পপতিরা। তাঁদের মতে, হরতাল হলো অর্থনীতিবিরোধী কার্যক্রম। দেশের অর্থনীতিকে পিছিয়ে দেয় হরতাল এবং অগ্রগতিকে আটকে রাখে। সরকার বা বিরোধী দল কে কী বলছে বা ভাবছে, গণমাধ্যম থেকেই মানুষ জানতে পারে। হরতাল করে মানুষকে জানানোর কিছু নেই। ব্যবসায়ী নেতারা বলেন, তাঁদের ধারণা ছিল আর হরতাল দেখতে হবে না। গত কয়েক বছরে রাজনৈতিক দলগুলো হরতালের সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন প্রথম আলোকে বলেন, ‘হরতাল অর্থনৈতিক কর্মকাণ্ডকে শুধু ব্যাহতই করে না, গোটা অর্থনীতিকে ধ্বংস করে। আগামীতে যেকোনো হরতালে সবার আগে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। আমরা তাই সব সময়ই হরতালের বিপক্ষে।’দুই প্রধান রাজনৈতিক দলকে পরস্পরের প্রতি আরও সহনশীল আচরণ করার পরামর্শ দেন মীর নাসির হোসেন। বিএনপি ঘোষিত আগামী জুনের হরতাল সম্পর্কে তিনি বলেন, এ অবস্থায় হরতালের বিকল্প কর্মসূচি হওয়াই বাঞ্ছনীয় ছিল।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম খান বলেন, ‘কখনোই এবং কোনো হরতালকেই আমরা সমর্থন করি না। কারণ হরতাল হলো অর্থনীতিবিরোধী কার্যক্রম।’ তিনি বলেন, ‘ভেবেছিলাম, হরতালের রাজনীতি বুঝি শেষ হয়ে গেছে। এখন দেখছি ভুল ভাবনা এটা। আবারও হরতালের ডাক। অর্থনীতিকে ধ্বংস করার এ ধরনের রাজনীতি বিশ্বের কোথাও হয় না।’ ডিসিসিআইয়ের সভাপতি বলেন, যে ইস্যুতে হরতাল ডাকা হয়েছে, সেটাও উচিত হয়নি। বিদ্যুৎ, গ্যাস, যানজটসহ নানাবিধ সমস্যা যা সংকট আকারে পরিণত হয়েছে, সেগুলো দূর করতে সরকারকে যৌক্তিক সময় দেওয়া দরকার। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, সরকারের মাত্র ১৭ মাসের মাথায় হরতালের এই ডাক আন্তর্জাতিক পর্যায়ে বর্তমানে বাংলাদেশের যতটুকু নেতিবাচক ভাবমূর্তি রয়েছে, তাকে আরও বাড়িয়ে তুলবে।এ কে আজাদ বলেন, প্রতিবাদের অনেক ভাষা রয়েছে। তাঁরা সংসদে গিয়ে কথা বলতে পারেন। অথবা রাজপথে অবস্থান, অনশন, লংমার্চ ইত্যাদি কর্মসূচি পালন করতে পারেন। এসব কিছু না করে সরাসরি হরতালের ডাক ব্যবসায়ীদের পক্ষে মানা কঠিন। হরতাল দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলে বলে তিনি মনে করেন। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব উল ইসলাম বলেন, ‘হরতালটাকে হাতিয়ার হিসেবে নেওয়াটা উচিত নয় এবং হরতালের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা ছাড়া দেশের উন্নতি আশা করা দুষ্কর। ভেবেছিলাম, গত কয়েক বছরে এই সংস্কৃতিটা ভুলে গেছি। এখন দেখছি, না। নতুন করে আবার হরতাল দেখতে হচ্ছে। রাজনীতিবিদদের বোঝা উচিত, অর্থনীতিকে পেছনে ফেলে শুধু রাজনীতি দিয়ে ওপরে ওঠা যাবে না।’ আজকের বিরোধী দল বা বর্তমান ক্ষমতাসীন দল বিরোধী দলে গেলেও উভয়ের উদ্দেশে একই আহ্বান জানান আফতাব উল ইসলাম। তিনি বলেন, দেশে এতগুলো গণমাধ্যম রয়েছে, কে কী বলছেন, সরকার কী করছে, বিরোধী দল কী ভাবছে—ওখান থেকেই মানুষ সব জানতে পারে। হরতাল করে জানানোর কিছু নেই।