হরতালবিরোধী সমাবেশে ছাত্রলীগের মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিতে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হয়েছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কিন্তু মিছিল শুরু হওয়ার আগে টিএসসি-সংলগ্ন ডাস চত্বরে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু করেন নেতা-কর্মীরা। এতে দুজন আহত হন।বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নেতা-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।আহতরা হলেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের মোজাম্মেল হক ও ইতিহাস বিভাগের দেলোয়ার হোসেন। দুজনই ছাত্রলীগের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক সাইফুর রহমানের অনুসারী। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।বহিষ্কৃতরা হলেন সূর্যসেন হলের আরিফুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ওই হলের আনিসুর রহমানকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, টিএসসিতে মারামারির ঘটনায় তাঁরা জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের এ শাস্তি দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ে হরতালবিরোধী মিছিল সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতা-কর্মীরা টিএসসি এলাকায় জড়ো হন। এ সময় ডাস চত্বরে বসাকে কেন্দ্র করে সূর্যসেন হলের নেতা-কর্মীদের সঙ্গে জিয়া হলের নেতা-কর্মীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। এ সময় জিয়া হলের দেলোয়ার ও মোজাম্মেল আহত হন। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।হরতালে পরীক্ষা হবে: বিএনপির ডাকা হরতালেও কাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।উপাচার্য প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সব সময়ই হরতালের আওতার বাইরে। তাই আগের মতো কালও সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছাত্ররা উপস্থিত হলে ক্লাসও হবে বলে তিনি জানান।