হরতালমুক্ত দেশ চায় বিজিএমইএ, খালেদা চাইলেন আন্দোলনে সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাটেক্সপো-২০১২’-এর সমাপনী অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে হরতালমুক্ত দেশ দেখতে চেয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। অন্যদিকে খালেদা জিয়া ব্যবসায়ীদের প্রতি ‘দেশের বৃহত্তর স্বার্থে’ চলমান আন্দোলনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাটেক্সপোর সমাপনীতে প্রথামতো প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি তাঁর ভাষণে সরকারের তীব্র সমালোচনা করেন।খালেদা জিয়া বলেন, ‘এখন ক্ষমতাসীনেরা একদলীয় মনোভাব নিয়ে গণতন্ত্রের নাম-নিশানা মুছে দেওয়ার চেষ্টা করছে। আইনের শাসন নেই, বিচারব্যবস্থায় নৈরাজ্য। প্রতিষ্ঠানগুলো নষ্ট করা হয়েছে। প্রশাসন ও পুলিশকে দলীয় স্বার্থে ও ভিন্নমত দমনের কাজে ব্যবহার করা হচ্ছে। ইউনিপেটুইউ, হল-মার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে।’নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ১৮ দলীয় জোটের প্রধান বলেন, ‘দেশের এই অবস্থায় ব্যবসায়ী ও শিল্পপতিদের নিশ্চুপ বসে থাকলে চলবে না। দেশের বৃহত্তর স্বার্থে একটি জাতীয় আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।’খালেদা জিয়া বলেন, সরকারে থাকতে ও বিরোধী দলে থেকে তৈরি পোশাকশিল্পের জন্য তিনি অনেক কিছু করেছেন। এখন জাতির সন্ধিক্ষণে ব্যবসায়ীদের কিছু দেওয়ার আছে। এখন তাঁদের নিজ নিজ অবস্থানে থেকে আন্দোলনে অবদান রাখতে হবে।জাতীয় অর্থনীতিতে পোশাকশিল্পের অবদানের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী কমপ্লায়েন্সের শর্তগুলো বাস্তবায়নের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘যন্ত্র নয়, যন্ত্রের পেছনের মানুষই এই শিল্পের প্রাণশক্তি। তাদের নিরাপত্তা ও কাজের উপযোগী পরিবেশকে গুরুত্ব না দিলে এই শিল্পে ইনসাফ হবে না। বে-ইনসাফের ওপর কোনো কিছুই টেকসই হতে পারে না।’অনুষ্ঠানের সভাপতি বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম বলেন, জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য গড়ে উঠলে অর্থনৈতিক মুক্তি দ্রুত হবে। তিনি বলেন, রাজনীতির অনেক উন্নতি হয়েছে। এখন হরতাল অনেক কম হয়। বিজিএমইএর সভাপতি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ভবিষ্যতে ব্যবসায়ীরা হরতালমুক্ত দেশ দেখতে চান। বিজিএমইএর অনুষ্ঠানের স্বার্থে বৃহস্পতিবার আধা বেলা হরতাল দেওয়ায় তিনি বিএনপির চেয়ারপারসনকে ধন্যবাদ জানান।শফিউল ইসলাম তাঁর বক্তব্যে দেশের বিমাশিল্পের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভারতে ২৩টি কোম্পানি আর বাংলাদেশে আছে ৪৪টি কোম্পানি। এই কোম্পানিগুলো কেন তৈরি পোশাকশিল্পের ওপর ভর করে টিকে থাকবে?’ অপরিকল্পিত শিল্পায়ন বন্ধে এখনই পোশাকপল্লি গড়ে তোলার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, বিজিএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, দ্বিতীয় সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান।