হরতালসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও সরকার দলীয়দের কথিত হামলার প্রতিবাদে দলটি ২২ ফেব্রুয়ারিও বিক্ষোভ সমাবেশ করবে। ভবিষ্যতে কর্মসূচিতে সরকার বাধা দিলে হরতাল ডাকারও ইঙ্গিত দিয়েছে তারা।শুক্রবার সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। ২২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হবে।বিমানবন্দরের নাম বদল ও ‘হামলা-মামলার’ প্রতিবাদ এবং খালেদা জিয়ার নিরাপত্তা দানসহ নানা দাবিতে ইতিমধ্যেই বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনের প্রতিবাদ সমাবেশে ২৩ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচি ঘোষণার দিনই পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটে।সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বৃহস্পতিবারের কর্মসূচিতে সরকার পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সময় এমন হামলার ঘটনায় প্রমাণ হয়, সরকার বিরোধী দলের গণতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনায় বিশ্বাস করে না। আহত শতাধিক নেতা-কর্মীর মধ্যে ১০-১২ জনের আঘাত মারাত্মক বলে দাবি করেন তিনি।মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে বাধা দেওয়া হলে তাঁরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। হরতাল ডাকা হতে পারে কি না—এ প্রশ্ন করা হলেও তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, তাও হতে পারে, কারণ এটি ‘গণতান্ত্রিক অধিকার’।বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার পৃথক বিবৃতিতে বিএনপির সমাবেশে পুলিশের ‘হামলার’ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচির পর বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশের বক্তব্য, মিছিলকারীরা রাজপথে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়িতে হামলা করার পরই কেবল তারা লাঠিপেটা করে।সংবাদ সম্মেলনে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটার সময় দুর্ঘটনায় পথচারীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।