নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে হত্যার প্রতিবাদে গতকাল রোববার জেলা বিএনপির ডাকা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের তিন দিন পরও পুলিশ প্রকৃত আসামিদের ধরতে পারেনি। ২৭ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্রলীগের কর্মী রাসেল ওরফে রাপ্পু ওরফে রাক্কু।বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার দিনদুপুরে সানাউল্লাহ নূরকে কারা হত্যা করেছে, তা ভিডিও ফুটেজ ও সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার পরদিনও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। অথচ পুলিশ মামলা না হওয়ার অজুহাতে কাউকে গ্রেপ্তার করেনি। পরে মামলা হলে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বাদী মামলা করতে দেরি করায় আসামিরা গা ঢাকা দিয়েছেন। তাই চেষ্টা করেও তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূরকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী মহুয়া নূর শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেন। এতে আসামি হিসেবে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।মামলার আসামিরা হলেন: জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, তাঁর ভাই কে এম জামিল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম জিল্লুর রহমান, আশরাফুল, মোয়াজ্জেম হোসেন, মাসুদ সোনার, খোকন মোল্লা, সৈকত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, তাঁর ভাই রাসেল ওরফে রাপ্পু, সেলিম, হাসেম, বাদশা, হাসেম-২, গৌতম ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রিপন সোনার, মালেক, মাহবুব, জনি, আশরাফুল ইসলাম, হাবিব, আবদুল মোমিন, বাবলু মোল্লা, লুত্ফর রহমান, বাবু ও আবদুর রাজ্জাক।মামলার পরপরই গোয়েন্দা পুলিশ (ডিবি) রাসেলকে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বড়াইগ্রামের মহিষভাঙ্গা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।গতকাল বিকেলে পুলিশ তাঁকে বড়াইগ্রাম আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত রিমান্ড শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।স্বতঃস্ফূর্ত হরতাল: প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর ছয়টা থেকে ঢাকা-নাটোর, রাজশাহী-নাটোর, বগুড়া-নাটোর ও নাটোর-পাবনা-কুষ্টিয়ার মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। জেলার ভেতর আন্তউপজেলার গাড়ি চলাচলও বন্ধ ছিল। সকাল ছয়টার পর বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনগুলো জেলার বিভিন্ন প্রান্তে আটকা পড়ে। গাড়িচালকদের সড়কে বিছানা পেতে বিশ্রাম নিতে দেখা গেছে। নাটোর ও বনপাড়া শহরের সব দোকানপাট ছিল বন্ধ। সরকারি অফিস ও ব্যাংক-বিমাপ্রতিষ্ঠান খোলা থাকলেও তেমন কাজ হয়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।সকাল সাড়ে নয়টার দিকে বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলমের নেতৃত্বে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী বনপাড়া বাজার থেকে উপজেলা চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বনপাড়া চাররাস্তা মোড়ে শোকসভা হয়। এতে একরামুল আলম বলেন, সানাউল্লাহ নূরের খুনিরা বনপাড়া বাজার এলাকায় ঘোরাফেরা করছে। কিন্তু পুলিশ তাদের ধরছে না। অবিলম্বে তাদের গ্রেপ্তার করা না হলে আজ সোমবার বিকেলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তিনি।সভায় একই ধরনের বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ঈমান আলী, সরদার রফিক, আলম হোসেন ও মোজাম্মেল হোসেন।শোকসভা শেষে বিএনপির হাজার হাজার কর্মী-সমর্থক নাটোর-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার এলাকায় হাতে হাত ধরে মানববন্ধন করেন। পরে তাঁরা বেলা সোয়া ১১টায় নাটোর-পাবনা সড়কের যে স্থানে সানাউল্লাহ নূরকে হত্যা করা হয়েছিল, সেখানে শুয়ে পড়েন। তাঁরা সানাউল্লাহর মৃত্যুর প্রতিবাদ করেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত নেতা-কর্মীরা এ কর্মসূচি অব্যাহত রাখেন।বিএনপির হরতাল ঘিরে বনপাড়ায় পুলিশ ও র্যাবের বিপুল সদস্য মোতায়েন করা হয়। সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে নাটোর শহরে বিএনপির নেতা-কর্মীদের পিকেটিং ও মিছিল করতে দেয়নি পুলিশ। সকাল থেকে অর্ধশতাধিক পুলিশ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ছিল। শহরের অন্য মোড়গুলোতেও ছিল প্রচুর পুলিশ। তবে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।হরতাল শেষে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার সাংবাদিকদের বলেন, ‘নাটোরবাসী স্বপ্রণোদিত হয়ে শতভাগ সফল হরতাল পালন করেছে। এ জন্য আমি নাটোরবাসীকে ধন্যবাদ জানাই।’বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’প্রকাশিত ছবিতে যাঁদের দেখা যায়: সানাউল্লাহ নূরের ওপর হামলাকারীদের ছবি সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলো প্রকাশ করেছে। গতকাল বনপাড়ার লোকজন সংবাদপত্র নিয়ে একে অপরকে দেখিয়ে হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করে। হামলাকারীরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বলে তারা শনাক্ত করেছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম আলোয় প্রকাশিত ছবির বাঁ দিকে জিনসের প্যান্ট পরা ব্যক্তি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন। তাঁর ডান হাতে লাঠি রয়েছে। তাঁর পাশে লুঙ্গি ও শার্ট পরা যুবকের নাম হাবিবুর রহমান। তিনি বড়াইগ্রাম উপজেলার শ্রীখণ্ডি গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তাঁর ডান পাশে যুবলীগের নেতা খোকন মোল্লা। তিনি সানাউল্লাহ নূরের পিঠের ওপর এক পা তুলে দাঁড়িয়ে আছেন। ছবির মাঝে কালো পাঞ্জাবি পরা যুবকের নাম আশরাফুল ইসলাম। তিনি উপজেলার নটাবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর হাতেও লাঠি দেখা গেছে। তাঁর পাশে নীল হাফ শার্ট ও জিনসের প্যান্ট পরা ব্যক্তির নাম মালেক হোসেন। তিনি মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা। যুবলীগের কর্মী মালেককে চেয়ারম্যান সানাউল্লাহকে লাথি মারতে দেখা যাচ্ছে ছবিতে। এর ডান পাশের ছবিটি বড়াইগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি কে এম জিল্লুর রহমান জিন্নাহর। তিনি জাকির হোসেনের ভাই। তাঁর হাতেও রয়েছে লম্বা লাঠি।