হরতালে অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনায় অ্যামনেস্টির তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিরোধী দলের হরতাল কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ের সময় মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনায় তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।লন্ডনভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি বলেছে, গত ২৭ জুন হরতালের সময় ঢাকায় বিএনপির নেতা মির্জা আব্বাসের বাসায় শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া দলীয় নেতা-কর্মীদের ওপর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নৃশংস হামলা চালিয়েছে।অ্যামনেস্টি বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে গত ২৭ জুনের হরতালের সময় নিরাপত্তা বাহিনীর নির্যাতনের বিষয়ে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে এ অবস্থান তুলে ধরে।সংগঠনটি অবিলম্বে ওই ঘটনার দ্রুত তদন্ত, হামলায় আহত ব্যক্তিদের ন্যায় বিচারের ব্যবস্থাসহ তাঁদের প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।জানতে চাইলে ঢাকায় অবস্থানরত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফয়েজ আজ শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি (নিরাপত্তা বাহিনীর নির্যাতন) বাংলাদেশ সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সেই সঙ্গে সরকারকে এটাও নিশ্চিত করতে হবে, দায়িত্ব পালনের সময় নিরাপত্তা বাহিনী যেন আইনের সীমা লঙ্ঘন না করে।অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি নব্বইয়ের দশকের শুরু থেকেই ঘুরেফিরে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করছে। যখনই ক্ষমতায় আসে দুই দলই বিরোধী দলের সমাবেশে হামলা, ধরপাকড়ে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে। বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার পাশাপাশি নির্যাতনের সব ধরনের অমানবিক পন্থা ব্যবহার করে।বিবৃতিতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের জন্য পুলিশের কিছু সদস্যকে বিচারের মুখোমুখি করানো হলেও র‌্যাবের সদস্যদের এ ধরনের ঘটনার জন্য কখনো বিচারের মুখোমুখি হতে হয়নি। অথচ মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে রয়েছে।অ্যামনেস্টি বলছে, ২৭ জুন ঢাকাসহ দেশের কিছু জায়গায় পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কয়েকশ নেতা-কর্মীকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মির্জা আব্বাসের বাসায় ঢুকে হামলার বিষয়টি উল্লেখ করে বলা হয়, ওই হামলার সময় বিএনপির নেতার স্ত্রী আফরোজা আব্বাস ও তাঁর ৮৫ বছর বয়সী মাসহ ২০ জনের বেশি লোক আহত হয়েছেন।অ্যামনেস্টির কর্মকর্তা আব্বাস ফয়েজ বলেন, মির্জা আব্বাসের বাসায় অবস্থানরত কেউ ওই সময় আইন লঙ্ঘন করেছেন, কিংবা অন্যের জন্য হুমকি সৃষ্টি করেছেন—অ্যামনেস্টির অনুসন্ধানে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তাই র‌্যাবের ওই নৃশংস হামলা ছিল একেবারেই অযৌক্তিক। কাজেই র‌্যাবের নির্যাতনের ইতিহাস বিবেচনা করে এটা বলা যায়, ওই ঘটনার ব্যাপারে সরকারের খুব শিগগির একটি প্রতিক্রিয়া জানানো উচিত।র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, মির্জা আব্বাসের বাড়ির নিচতলা থেকে তাদের ওপর ইটপাটকেল ছুড়ে মারা হয়। তবে সাংবাদিকদের ধারণ করা ভিডিওচিত্র পর্যালোচনা করে অ্যামনেস্টি র‌্যাবের কর্মকর্তাদের ওপর হামলার কোনো প্রমাণ পায়নি।