হরতালে অফিস করলেন পঞ্চগড় জামায়াতের আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার পঞ্চগড়ে জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। হরতালে নিজের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন জেলা জামায়াতের আমির ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক। তিনি বলেন, ‘জনগণের দেওয়া দায়িত্ব পালনের জন্য হরতালেও অফিস করছি।’পঞ্চগড়ে আজ বেশির ভাগ দোকানপাট, অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যাংক, বিমা কার্যালয় খোলা ছিল। গাড়ি চলাচল ছিল প্রায় স্বাভাবিক। তবে ভারী যানবাহন চলেনি। দূরপাল্লার কোনো গাড়ি পঞ্চগড় ছেড়ে যায়নি। শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। দেখা যায়নি কোনো পিকেটারকে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।তবে হরতালের কারণে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ত্রিদেশীয় আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ ছিল। আগামী মঙ্গলবার পর্যন্ত আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকবে। কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ পঞ্চগড় সার্কেল, জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও জেলা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন হরতালের কারণে তিন দিন আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকার কথা জানিয়েছে।সিঅ্যান্ডএফ এজেন্ট মো. আলাউদ্দিন বাবু জানান, তিন দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। পণ্য পরিবহনের জন্য যাতায়াতকারী কিছু যানবাহন আটকে পড়েছে।