হরতালে অবরোধ, আগুন, ভাঙচুর ও সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের টঙ্গীতে আজ মঙ্গলবারের হরতালের সমর্থনে পিকেটিং করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াত-শিবিরের কর্মীরা মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। সাভারে বাসে আগুন দিয়েছে হরতালকারীরা। টঙ্গীতে টায়ারে আগুন লাগানো ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।নারায়ণগঞ্জে অবরোধ, সংঘর্ষ ও আগুনপ্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ ভোর ছয়টার পর থেকে জামায়াত-শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মৌচাক ও সানারপাড় এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করে। একপর্যায়ে তারা মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে প্রায় ৪০-৫০টি টায়ার ও ফোমের স্তূপে আগুন জ্বেলে দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা ৮-১০টি গাড়ি ভাঙচুর করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ অবরোধ তুলতে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ তাদের পাল্টা ধাওয়া করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ভুঁইগড় দেলপাড়া এলাকায় নারায়ণগঞ্জগামী বন্ধন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। সাভারে বাসে আগুনসাভার থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ভোর সাড়ে ছয়টার দিকে জামায়াত-শিবিরের ১০-১২ জন নেতা-কর্মী অতর্কিতে সাভার বাসস্ট্যান্ডের অদূরে রেডিও কলোনি এলাকায় রাখা বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে গাড়িটি পুড়ে যায়। এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের শ্রমিকেরা আজ সকালে সেখানকার সড়কে মিছিল করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন। পরে শ্রমিকেরা সেখান থেকে চলে যান। ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। টঙ্গীতে বাস ভাঙচুর, আটক ২সকাল ছয়টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং শুরু করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা চার থেকে পাঁচটি যানবাহন ভাঙচুর করে। পিকেটারেরা একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি পাশের নর্দমায় গিয়ে পড়ে। ক্ষুব্ধ যাত্রীরা দুই পিকেটারকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আটক দুজন হলেন—আহসানুল্লাহ (৩২) ও মুজাহিদ (২৫)।এ ছাড়া গাজীপুর, এরশাদ নগর ও আউচপাড়া এলাকায় হরতালের সমর্থনে খণ্ড খণ্ডভাবে জামায়াত-শিবির কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। মহাসড়ক অল্প কিছু মিনিবাস, টেম্পো, ইজিবাইক, রিকশা চলাচল করতে দেখা যায়। (প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার; নারায়ণগঞ্জ প্রতিনিধি ও টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি)