হরতালে অর্থনীতি ক্ষতিগ্রস্ত ও রপ্তানি ব্যাহত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেছেন, হরতালে অর্থনীতির ব্যাপক ক্ষতি হবে। এতে রপ্তানি কার্যক্রম ব্যাহত এবং বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।গতকাল শনিবার ব্যবসায়ী নেতারা পৃথক পৃথক সংবাদ সম্মেলন ও যৌথ বিবৃতি দিয়ে বিরোধী দলের হরতাল আহ্বানে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন। ব্যবসায়ী নেতারা আজ রোববারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন।ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ ছয়টি ব্যবসায়ী সংগঠনের নেতারা গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, দেশে বর্তমানে নতুন নতুন দেশি-বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট হচ্ছেন। এরই ধারাবাহিকতায় তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। রোববার তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যে এফবিসিসিআইয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এ ক্ষেত্রে হরতাল দেশের বিনিয়োগ সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।বিবৃতিতে বলা হয়, ঈদ উদ্যাপনের আগমুহূর্তে উৎসবমুখর পরিবেশে কোরবানির পশু কেনাকাটা, ঘরমুখো মানুষের বাড়ি ফেরা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার প্রাক্কালে এ ধরনের হরতাল ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে বিশৃঙ্খলা ও হয়রানির সৃষ্টি করবে। চট্টগ্রাম বন্দরেও হরতালের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে।বিবৃতিতে সই করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম খান, মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সভাপতি এম আনিস উদ দৌলা, বাংলাদেশ চেম্বারের (বিসিআই) সভাপতি এ টি এম ওয়াজিউল্লাহ, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান।এফবিসিসিআইয়ের সংবাদ সম্মেলন: গতকাল বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ অর্থনীতির স্বার্থে হরতাল প্রত্যাহার এবং হরতালকে কেন্দ্র করে যানবাহনসহ দেশের অন্যান্য সম্পদ নষ্ট না করার জন্য বিএনপির দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।এ কে আজাদ বলেন, ঈদের ঠিক দুই দিন আগে হরতাল ডাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে। একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় শিল্পকারখানায় বেতন-বোনাস সঠিক সময়ে দেওয়া কঠিন হয়ে পড়বে। এতে অনেক শ্রমিক-কর্মচারী বাড়িতে গিয়ে ঈদ উদ্যাপন করতে পারবেন না।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক নজিবুর রহমান, শামসুল হক, কে এম জামান রোমেল, আবদুর রাজ্জাক, আবদুস শহীদ, মনোয়ারা হাকিম আলী প্রমুখ।এ কে আজাদ বলেন, চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ শতাংশ বেশি। তুরস্ক বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক অংশীদার। বিগত অর্থবছরে তুরস্কে ১০০ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি করা হয়েছে এবং আগামী পাঁচ বছরে রপ্তানির পরিমাণ ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। সফররত তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআইয়ের নেতাদের নির্ধারিত বৈঠকের দিনই হরতাল ডাকা হয়েছে। এতে করে তুরস্কের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে।এ কে আজাদ বলেন, সম্প্রতি গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স রোগ দেখা দেওয়ায় দেশের চামড়াশিল্প ধ্বংস হওয়ার পথে। এ অবস্থায় ট্যানারি-শিল্পের মালিকদের প্রত্যাশা ছিল কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে শিল্পকে চাঙা করা। কিন্তু হরতালের কারণে ট্যানারির মালিকেরা সারা দেশে টাকা পাঠাতে না পারলে চামড়া সংগ্রহ বাধাগ্রস্ত হবে।এফবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, ঈদের আগে হরতাল ডাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে। অনেক রপ্তানিকারক সঠিক সময়ে পণ্য জাহাজীকরণ করতে পারবেন না এবং অনেকে সঠিক সময়ে বন্দর থেকে পণ্যও খালাস করতে পারবেন না। এতে আমদানিকারক ও রপ্তানিকারক উভয়েই ক্ষতিগ্রস্ত হবেন।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, দেশে প্রতিবছর প্রায় ২০ লাখ কর্মবাজারে প্রবেশ করছে। এর মধ্যে বেসরকারি খাত প্রতিবছর ১০ লাখ লোকের কর্মসংস্থান করছে। এ অবস্থায় দেশে হরতালের মতো কর্মসূচি অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। এক প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, প্রয়োজনে হরতাল প্রত্যাহারের জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে তিনি বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে দেখা করতে প্রস্তুত।বিজিএমইএ: হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী গতকাল জরুরি সংবাদ সম্মেলন করেছেন। বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদী বলেন, ঈদুল আজহার আগে মাত্র দুই দিন পোশাক কারখানা খোলা থাকবে। এই সময়ের মধ্যেই পোশাকশ্রমিকদের বেতন-ভাতা ও পাওনা পরিশোধ করতে হবে। বিপুলসংখ্যক শ্রমিক ঈদে বাড়ি যাওয়ার জন্য কষ্ট করে টিকিট সংগ্রহ করেছেন। এ অবস্থায় রোববার তাঁরা বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করতে না পারলে পরের দিন তাঁদের পক্ষে যাত্রা করা সম্ভব হবে না।আবদুস সালাম মুর্শেদী বলেন, শিল্পমালিকেরা শ্রমিকদের বেতন, ওভারটাইম ও অন্যান্য ভাতা ইতিমধ্যেই পরিশোধ করেছেন বা শেষ দুই দিনে পরিশোধ করবেন। হরতাল থাকলে বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে।