হরতালে অশান্তি হলে দায়িত্ব নিতে হবে সরকারকে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার কারণেই বিএনপি হরতাল ডাকতে বাধ্য হয়েছে। ৫ জুন ডাকা হরতালে কোনো অশান্তি সৃষ্টি করা হলে তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। আজ শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা বিভাগ ও মহানগর বিএনপির যৌথ সভায় আজ নেতারা হরতালের কর্মপরিকল্পনা ঠিক করেন। সভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ করা সম্ভব নয়। তাই সরকার দেশে বাকশালী কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে চাইছে। বিকল্প কোনো পথ না পেয়ে বাধ্য হয়ে বিএনপিকে হরতালের মতো কর্মসূচি ঘোষণা করতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, হরতাল বানচাল করতে সরকার এরই মধ্যে দমন-পীড়ন শুরু করেছে। গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তারা দলের নেতাদের হুমকিধমকি দিয়েছেন। তিনি বলেন, বিএনপি আশা করে, সরকারবিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করবে। তিনি সরকারকে গ্রেপ্তার অভিযান ও হামলা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। তা না হলে হরতালে কোনো অশান্তি সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব পুরোপুরি সরকারকে নিতে হবে। বিএনপি নেতারা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।