হরতালে আগুন-ভাঙচুর-ককটেল, আটক ৩৩ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সারা দেশে আজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনকে আটক করেছে পুলিশ। রাজশাহী: আজ সকাল সাড়ে সাতটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। জবাবে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছুড়লে পুলিশ বিনোদপুরের দিকে পিছু হটে। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ব্যবহূত দুটি হিউম্যান হলার ভাঙচুর করেন এবং আরেকটিতে আগুন ধরিয়ে দেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়লে জামায়াত-শিবিরকর্মীরা বেতারের সম্প্রচারকেন্দ্রের মাঠের ভেতর দিয়ে পালিয়ে যান।এদিকে, শহরের হাদির মোড়, কাশিয়াডাঙ্গা, পার্কের গেট, তালাইমারীসহ বিভিন্ন মোড়ে মিছিল ও টায়ারে আগুন দিয়ে পিকেটিং করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা।বগুড়া: আজ সকাল নয়টার দিকে শহরের দ্বিতীয় বাইপাস সাবগ্রাম এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে পিকেটাররাও পুলিশকে পাল্টা ধাওয়া করে। পরে কয়েকটি রাবার বুলেট ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। পাঁচজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বগুড়ার সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।এর আগে আজ সকাল সাড়ে আটটার দিকে শহরের চারমাথা গোদারপাড়া এলাকা থেকে পুলিশ চার বস্তা লাঠি উদ্ধার করে।

চাঁদপুর: আজ সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও শহরের প্রধান প্রধান সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থনকারীরা। শহরের বিভিন্ন স্থানে একটি ট্রাক ও পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা।সকাল থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৮ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ জানান, বড় ধরনের সহিংসতা এড়াতে পুলিশ তত্পর রয়েছে।সাভার: আজ সকাল সোয়া ছয়টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় সাহারা ফিলিং স্টেশনের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেন হরতালের সমর্থনকারীরা। একই সময় আশুলিয়ার জামগড়া এলাকার আবদুল্লাপুর-বাইপাইল সড়কে একটি হিউম্যান হলারে আগুন দেওয়া হয়। এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকবাহী একটি খালি বাসে আগুন দেয় পিকেটাররা। বাসটি শ্রমিকদের কারখানায় নামিয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছিল। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া: সকালে শহরের ভাদুঘর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুজনসহ জেলার বিভিন্ন স্থান থেকে নয়জন জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। কুমিল্লা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল করছে। এ ছাড়া স্বাভাবিক রয়েছে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। সকাল সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল বের করেন। জামায়াতের নয়জন কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, শহরের অন্তত ১০টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের বাঁকাল কোল্ড স্টোরেজ মোড়ে আজ সকাল আটটার দিকে পুলিশের পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে পিকেটাররা। এতে সদর থানার উপপরিদর্শক আবদুল হান্নানসহ চারজন আহত হয়েছেন।পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কমপক্ষে ৫০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও ৩০ রাউন্ড রাবার বুলেট ও একপর্যায়ে তিন-চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা এক পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ইব্রাহীম বলেন, আহত পুলিশ সদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সা চলছে।সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আবদুল গফুর জানান, আহত চার পুলিশ সদস্য শঙ্কামুক্ত।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বগুড়া; চাঁদপুর প্রতিনিধি; নিজস্ব প্রতিবেদক, সাভার; রাজশাহী অফিস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা]