হরতালে আগুনে মোশারফের মৃত্যু: নাটোরে ৫ আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় আগুনে পুড়িয়ে আম ব্যবসায়ী মোশারফ হোসেনকে হত্যার অভিযোগে নাটোরে গ্রেপ্তার পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর হয়েছে। এদের মধ্যে একজনের দুই দিনের এবং বাকি চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার নাটোরের মুখ্য বিচারিক হাকিম এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, মোশারফ হত্যা মামলায় গ্রেপ্তার মামুন, রফিকুল ইসলাম, আলম ভূঁইয়া, মাসুদ রানা ও মামুনুর রশিদকে আজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, আসামি পক্ষের আইনজীবীরা এ সময় জানান, ঘটনার সঙ্গে হরতালের কোনো সম্পর্ক নেই। আসামিরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তাদেরকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। উভয় পক্ষের শুনানি শেষে নাটোরের মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী মোল্লা আসামি ওয়ার্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মামুনের দুই দিন এবং বাকিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিয়ে আসার সময় নাটোরের তেবাড়িয়ায় হরতাল সমর্থকেরা ট্রাকে আগুন দেয়। এতে মোশারফের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।