হরতালে আট জেলায় হামলা, আগুন, ভাঙচুর (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে আজ রোববার সকাল থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল চলছে। বিভিন্ন জেলায় পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগের কার্যালয় ও মন্দির ভাঙচুর, বিজিবির গাড়ি ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, শহীদ মিনারে হামলা, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। খুলনার ফুলতলা থানার ওসিসহ তিন পুলিশকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরায় বিজিবির গাড়ি ভাঙচুর
আজ বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরতলির রইছপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলরত দুটি গাড়ি ভাঙচুর করেছে হরতালের সমর্থকেরা। এ সময় বিজিবির গুলিতে মাহবুবুর রহমান (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এদিকে সকাল থেকে রাস্তা কেটে ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সাতক্ষীরার সঙ্গে খুলনা ও উপজেলা শহরগুলোর যোগাযোগ বন্ধ করে দিয়েছেন হরতাল সমর্থনকারী জামায়াত-শিবিরের কর্মীরা।
খুলনায় ওসিসহ তিন পুলিশকে কুপিয়ে আহত
সকাল আটটার দিকে বিএনপি-জামায়াতের কয়েক শ কর্মী-সমর্থক ফুলতলা উপজেলার যুগ্নিপাশা মাদ্রাসার কাছে খুলনা-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। খবর পেয়ে ফুলতলা থানার পুলিশ সেখানে গেলে সড়ক অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও শটগান থেকে গুলি ছোড়ে। একপর্যায়ে হরতালের সমর্থকেরা পুলিশের কর্মকর্তাদের ঘিরে লাঠি দিয়ে পেটায় এবং দা দিয়ে মাথায় কোপায়। এতে পুলিশের তিন কর্মকর্তা আহত হন। এলাকাবাসী জানান, এ ঘটনায় অবরোধকারীদের মধ্যে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক গোলাম মোর্শেদ বলেন, আহত পুলিশ সদস্যদের মধ্যে নায়েক কেরামত আলীর মাথায় ও হাতে ৩০টি সেলাই দিতে হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। আর ওসি মামুনুর রশীদের মাথায় ২০টির বেশি সেলাই দিতে হয়েছে।
গাইবান্ধায় আ.লীগ কার্যালয় ভাঙচুর
হরতালের সমর্থনকারীরা বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও আওয়ামী লীগের সমর্থকদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে। বগুড়ায় ট্রেনের লাইন উপড়ে ফেলায় সকাল থেকে গাইবান্ধায় সান্তাহারগামী দুটি মেইল ট্রেন দোলনচাপা ও টুয়েন্টি ডাউন আটকে আছে।
ত্রিশালে ট্রাক ভাঙচুর
সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রামে ছাত্রশিবিরের কর্মীরা একটি ট্রাক ভাঙচুর করে সেটিতে আগুন দেওয়ার চেষ্টা চালান। এ সময় এলাকাবাসী শিবিরকর্মীদের ধাওয়া করেন। এলাকাবাসীর সঙ্গে ছাত্রশিবিরের পাল্টাপাল্টি ধাওয়া চলে। সকাল আটটা থেকে তাঁরা হরতালের সমর্থনে দফায় দফায় মিছিল বের করেন।
দিনাজপুরে হিন্দুদের বাড়িতে আগুন
সদর উপজেলার রানীগঞ্জ উত্তর মহেশপুরে ১২টি গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ও খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের গ্রামে আগুন লাগিয়েছেন।
নাটোরে শহীদ মিনার ভাঙচুর
গতকাল মধ্যরাতে লালপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এদিকে, আজ সকালে হরতালের সমর্থকেরা উপজেলার মঞ্জিলপুকুর এলাকার লালপুর-বাঘা সড়কে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা সরিয়ে দেয়।
কুষ্টিয়ায় ট্রাকে আগুন
শান্তিডাঙ্গা এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কাঠবোঝাই একটি ট্রাক এবং বারখাদা এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল সমর্থনকারীরা। এ সময় হরতাল সমর্থনকারীরা তিনটি গাড়ি ভাঙচুর করে। পিকেটিং করার সময় শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জে ইসলামী ব্যাংক ও বুথে হামলা
আজ বেলা সোয়া ১১টার দিকে হরতালবিরোধী একটি মিছিল থেকে শহরের মাদ্রাসা রোডের ইসলামী ব্যাংকের শাখা ও এটিএম বুথে হামলা চালানো হয়। এ সময় জনতা ওই এটিএম বুথের নিরাপত্তা প্রহরী পলাশকে (২৮) মারধর করেছেন বলেও জানা গেছে।