হরতালে ককটেল, গাড়িতে আগুন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে কিছুটা উত্তাপ দিয়ে। রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও পুলিশের ধাওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে।হরতালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। প্রধান সড়কগুলোতে চলাচল করছে বিপুলসংখ্যক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া স্বাভাবিক কর্মব্যস্ত দিনের তুলনায় কমসংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে। প্রথম দিনের চেয়ে আজ যানবাহন তুলনামূলকভাবে বেশি চলছে। দূরপাল্লার কোনো যানবাহন ঢাকা ছেড়ে যায়নি।রাজধানীতে বড় ধরনের কোনো সহিংস পিকেটিং লক্ষ করা যায়নি। বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল করেছেন। কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, পুলিশের ধাওয়ার খবর পাওয়া গেছে।গ্রেপ্তার হওয়া দলীয় নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে হরতাল দিয়েছে ১৮-দলীয় জোট। গত রোববার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতাদের জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর হরতালের ঘোষণা দেয় ১৮ দল। দুই দিনের হরতালে সহিংসতা হলে বৃহস্পতিবারও হরতাল দেওয়ার পরিকল্পনা আছে বিরোধীদলীয় জোটের।

নয়াপল্টন

গতকালের মতো আজও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রায় নেতা-কর্মীশূন্য। চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানসহ দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন। সকালে সাংবাদিকদের কাছে শামসুজ্জামান দাবি করেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। এর মাধ্যমে জনগণ সরকারের প্রতি তাদের অনাস্থা জানিয়েছে। তিনি অভিযোগ করেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকার ও পুলিশ বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা হরতালের সমর্থনে বের হওয়া শান্তিপূর্ণ মিছিলে হামলা চালাচ্ছে। এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান বলেন, হরতাল মানে কারফিউ নয়।

তেজগাঁও

সকাল ছয়টায় তেজগাঁও এলাকার বিজয় সরণিতে ছাত্রদলের ১০-১২ জন কর্মী একটি মিছিল বের করার চেষ্টা করেন। মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। মিছিলকারীরা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরান। তবে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে মিছিলকারীরা পালিয়ে যান। এদিকে একই সময় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যুবদলের কয়েকজন কর্মী একটি মিছিল বের করার চেষ্টা করেন। মিছিল থেকে ৩৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ দুজনকে আটক করা হয়েছে।

মহাখালী

মহাখালী উড়ালসড়কের পাশের সড়কে সকাল সাড়ে সাতটার দিকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সকাল সাড়ে নয়টার দিকে মহাখালী টিবি গেট এলাকায় মহানগর উত্তর ছাত্রদলের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলকারীরা সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় ও কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ সময় তারা অন্তত পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

বিজয় সরণি

আজ ভোরে রাজধানীর বিজয় সরণি এলাকায় ঝটিকা মিছিল বের করে যুবদল। এ সময় মিছিলকারীরা তিনটি ককটেলের বিস্ফোণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে মিছিলকারীরা পালিয়ে যায়।

মোহাম্মদপুর

মোহাম্মদপুর এলাকার নূরজাহান রোডে সকাল সাতটার দিকে টায়ার জ্বালান হরতাল-সমর্থক পাঁচ যুবক। তাঁদের হাতে কোনো ব্যানার ছিল না। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।তেজগাঁও অঞ্চলের পুলিশের উপকমিশনার বিপ্লব সরকার প্রথম আলো ডটকমকে জানান, তেজগাঁও ও মোহাম্মদপুর এলাকার ঘটনায় আটক পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।

কারওয়ান বাজার

সকাল সোয়া সাতটার দিকে কারওয়ান বাজারে পেট্রোবাংলার কার্যালয়ের সামনে যুবদল একটি মিছিল বের করে। পুলিশ সেখান থেকে এক যুবককে আটক করে।

মিরপুর

সকাল সাতটায় মিরপুর মাজার রোডের সেলিনা হাসপাতালের সামনের সড়কে মিছিল করেন হরতালকারীরা। তাঁরা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

গুলিস্তান

গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কাছে সকাল ১০টার দিকে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতকারীরা। এতে পথচারী ও স্থানীয় লোকজনের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কদমতলী

ভোর পাঁচটার দিকে রাজধানীর কদমতলীর কুজার বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আশপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে। পরে একই এলাকায় শিবিরের কর্মীরা মিছিল করার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য জানান।

বকশীবাজার

বেলা ১১টার দিকে বকশীবাজার আলিয়া মাদ্রাসার মাঠে বিশেষ আদালতের ফটকের সামনে হরতাল-সমর্থকেরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় বিশেষ আদালত এলাকা থেকে পুলিশ একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করে।