হরতালে ককটেল ও গাড়িতে আগুন, গুলিবিদ্ধ ২ (ভিডিও)
ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, আগুন ও ঝটিকা মিছিলের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সারা দেশের মতো রাজধানী ঢাকায়ও ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে গত মঙ্গলবার এই হরতালের ডাক দেয় শিবির।চলতি সপ্তাহের পঞ্চম এই হরতালে রাজপথে গণপরিবহন চলাচল তুলনামূলক বেড়েছে। রাজপথে মোটরসাইকেল ও কিছু ব্যক্তিগত গাড়িও চলতে দেখা গেছে। এ ছাড়া প্রচুর রিকশা চলছে। অন্যান্য হরতালের তুলনায় আজ দোকানপাট বেশি খুলেছে। সময় যত গড়াচ্ছে, যানবাহন ও পথচারীদের সংখ্যাও বাড়ছে। তবে হরতালে ঢাকার আন্তজেলা বাস টার্মিনালগুলো থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। প্রধান প্রধান সড়কে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা সশস্ত্র অবস্থায় মোতায়েন রয়েছেন। বিভিন্ন সড়কে তাদের ভ্রাম্যমাণ দলগুলো নিয়মিত টহল দিচ্ছে।বিভিন্ন এলাকার পরিস্থিতিযাত্রাবাড়ী: সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ নতুন রাস্তায় শিবিরকর্মীরা চলন্ত একটি বাসে ইটপাটকেল ছুড়ে আগুন ধরিয়ে দেন। এতে যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি করে বাস থেকে নেমে পড়েন। ইটপাটকেলের আঘাতে মজিদ নামের এক যাত্রী আহত হন। পরে পুলিশ সেখান থেকে একজনকে আটক করে। ঘটনাস্থলে থাকা লোকজন জানান, আটক করা ব্যক্তি বাসেরই যাত্রী ছিলেন। পুলিশ বিনা কারণে তাঁকে আটক করেছে।এদিকে, সকাল সোয়া ছয়টার দিকে যাত্রাবাড়ীর ডিবির বাগিচা ২ নম্বর গেট এলাকায় শিবির ঝটিকা মিছিল বের করে একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।শনিরআখড়া: সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে রায়েরবাগ এলাকায় ঝটিকা মিছিল বের করেন শিবিরের কর্মীরা। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।পুরান ঢাকা: আজ ভোর ছয়টার দিকে পুরান ঢাকার সদরঘাট এলাকায় শিবিরকর্মীরা একটি লেগুনায় আগুন ধরিয়ে দেন ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে এবং কয়েকটি গুলি ছোড়ে। এতে দুজন শিবিরকর্মী পায়ে গুলিবিদ্ধ হন। আহত দুজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও তিনজনকে আটক করেছে পুলিশ।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুরান ঢাকার জিন্দাবাহার এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ ধাওয়া করলে শিবিরের কর্মীরা সেখান থেকে পালিয়ে যান।লক্ষ্মীবাজার এলাকায় সকাল সাড়ে ছয়টার দিকে শিবিরকর্মীরা মিছিল করে দু-তিনটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা পালিয়ে যান।মিরপুর: সকাল সাড়ে ছয়টায় মিরপুর ৬ নম্বর সেকশনে প্রশিকা ভবনের সামনে মিছিল বের করেন শিবিরকর্মীরা। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালানোর চেষ্টা করেন। তবে এলাকায় কর্তব্যরত পুলিশ এ সময় দুই শিবিরকর্মীকে আটক করে। এঁদের কাছ থেকে শিবিরের ব্যানার ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।আজ হরতাল থাকা সত্ত্বেও কর্মজীবী মানুষের চলাচল বেড়েছে বলে দাবি করেন মিরপুর অঞ্চলের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ। প্রথম আলো ডটকমকে তিনি জানান, গত কয়েক দিনের হরতালের তুলনায় আজ মানুষের চলাচলের হার বেশি। এ জন্য যান চলাচলও বেড়েছে। মানুষের জানমালের নিরাপত্তার জন্য পুলিশও বাড়তি সতর্কাবস্থায় রয়েছে। ইমতিয়াজ আহমেদ জানান, প্রশিকা ভবনের সামনে থেকে আটক দুই যুবকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।