রাজধানীর সব সাংসদ নিজ নিজ এলাকায় হরতালের বিরুদ্ধে জনমত গঠন করবেন। এর অংশ হিসেবে সাংসদেরা এলাকার ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার হরতালের দিন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে সাংসদেরা নিজ নিজ নির্বাচনী এলাকায় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবেন। এ ছাড়া যেসব এলাকায় পোশাক কারখানা রয়েছে, সেসব এলাকায় অধিকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করা হবে। হরতাল সামনে রেখে আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর সব সাংসদ, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে জনমত গঠনসহ বিভিন্ন দিকনির্দেশনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংসদদের সঙ্গে বৈঠকটি ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। আন্দোলনের নামে যারা রাস্তা দখল করে গাড়ি ভাঙচুর কিংবা জনগণের সম্পদ নষ্ট করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে সরকার। গণতান্ত্রিক যেকোনো আন্দোলন নিয়ে সরকারের আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে হরতাল মোকাবিলায় কিছু নির্দেশনা দেওয়াসহ সাংসদদের কাছ থেকে পরামর্শ চাওয়া হবে। এ ছাড়া এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রথম আলোকে বলেন, সাংসদদের ডাকা হয়েছে তাঁদের এলাকার জনগণকে সচেতন করার জন্য। এ ছাড়া বিএনপির কোনো নেতা-কর্মী গাড়ি ভাঙচুর করলে বা পরিস্থিতি অস্থিতিশীল করলে সাংসদেরা যেন সঙ্গে সঙ্গে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, সে বিষয়ে সর্বক্ষণ সতর্ক থাকতে বলা হবে। এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখে কাজকর্ম স্বাভাবিক রাখতে সাংসদদের ব্যবস্থা নিতে বলা হবে। সূত্র জানায়, হরতালের সময় অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সাংসদদের কাছ থেকে পরামর্শ চাইবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রসঙ্গে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক বলেন, ‘হরতালের সময় জনমত গঠনে আমরা কাজ করব। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজপথে অবস্থান নেব। আমার নির্বাচনী এলাকায় হরতালের কোনো প্রভাব যাতে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’ ঢাকা-৭ আসনের মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘আমার এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান অনেক বেশি। যে কারণে হরতালের সময় জনগণকে বেশি দুর্ভোগ পোহাতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি নিরাপত্তার বিষয়টি তুলে ধরব। এরই মধ্যে আমি আমার এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি, যাতে তারা সব কাজকর্ম স্বাভাবিক রাখে।’ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবীর নানক বলেন, জনমত ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। বাড়ির জন্য এ ধরনের হরতাল কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো কমিটি নেই। এ জন্য সাংসদদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়েছে। আর দুদিন পর যেহেতু হরতাল সেহেতু এ বিষয়ে সাংসদদের প্রতি বেশকিছু নির্দেশনা থাকবে। সচিব বলেন, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই হরতালের পক্ষে নয়, তাই তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।