হরতালে করণীয় ঠিক করার বৈঠক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে করণীয় ঠিক করতে সাংসদ ও ব্যবসায়ীদের সঙ্গে পূর্বনির্ধারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকটি স্থগিত করা হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ওই বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন জন বিভিন্ন বিষয় জানতে চাওয়ায় এবং বিরোধী দল বিষয়টি অন্যভাবে নিতে পারে—বিবেচনা করে গতকাল শনিবার গভীর রাতে সভাটি স্থগিতের সিদ্ধান্ত হয়। আজ সকালে ফোন করে সাংসদ ও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়। প্রতিমন্ত্রী আরও বলেন, বিরোধী দল ভাবতে পারে সরকার ব্যবসায়ীদের নিজেদের পক্ষে আনার জন্য এ ধরনের বৈঠক করতে চাইছে। কিংবা সাংসদদের উসকে দেওয়া হচ্ছে। এসব কিছু বিবেচনায় নিয়েই সরকার বৈঠকটি স্থগিত করেছে। তবে হরতালের বিষয়ে কোনো নির্দেশনা থাকলে সাংসদদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হবে বলে তিনি জানান। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, আজ বেলা ১১টায় বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। ওই বৈঠকটি পরে হবে বলে তিনি জানান।তবে কয়েকজন সাংসদ ও ব্যবসায়ী বৈঠক স্থগিতের বিষয়টি না জানায় সকাল মন্ত্রণালয়ে যান। যোগাযোগ করা হলে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক জানান, বৈঠক হবে না জানিয়ে তাঁকে সকালে টেলিফোন করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, আজ সকালে বৈঠক হওয়ার কথা ছিল। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সকালে রাজনৈতিক শাখা থেকে জানানো হয়েছে বৈঠকটি হবে না। প্রসঙ্গত, হরতালে করণীয় ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাংসদ ও ব্যবসায়ীদের সঙ্গে আজ বৈঠকে বসার কথা জানায়। এ বিষয়ে আজ প্রথম আলোতে ‘হরতালে করণীয় ঠিক করতে আজ বৈঠক’ শিরোনামে একটি সংবাদও প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ অনুসারে, হরতাল সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর সব সাংসদ, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে জনমত গঠনসহ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বলে জানানো হয়। এ ছাড়া আজকের বৈঠকে হরতালের সময় অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সাংসদদের কাছ থেকে পরামর্শ চাওয়া হবে বলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল।