হরতালে কোরআন শরিফ নিয়ে আন্দোলন ঠিক নয়: চরমোনাইয়ের পীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর রেজাউল করিম বলেছেন, হরতালের সময় কোরআন শরিফ নিয়ে আন্দোলনে নামা ঠিক নয়। আজ বুধবার দুপুরে সংগঠনের পল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।হরতালে শিশুদের ব্যবহার করা ঠিক কি না—এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, ‘আমি হরতালের দিন শিশুদের রাস্তায় নামানো সমর্থন করি না।’ প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নারী নীতির কয়েকটি ধারা মুসলমানরা মেনে নেবে না। ওই ধারাগুলোতে নারীর প্রতি সব বৈষম্য বিলোপ সনদকে (সিডও) সমর্থন করা হয়েছে, যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।’ চরমোনাইয়ের পীর রেজাউল করিম আজ সংবাদ সম্মেলনে তাঁদের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী ৭ এপ্রিল মুক্তাঙ্গনে জমায়েত, ৮ এপ্রিল দিনব্যাপী বিক্ষোভ, ১১ এপ্রিল ঢাকায় জাতীয় শিক্ষা সেমিনার, ১২ এপ্রিল নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান এবং ২ ও ৩ মে ঢাকায় গণ-অবস্থান করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।সংবাদ সম্মেলনে ইসলামী আইন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ, ঢাকা মহানগরের আমির এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।