রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হরতালে ক্লাস বন্ধ রাখতে ভবনের তালায় ‘সুপার গ্লু’!
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রশাসন ভবনসহ বিভিন্ন ভবনের তালায় ‘সুপার গ্লু’ লাগিয়ে দেওয়া হয়েছে। তালা খুলতে না পারায় আজ ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারেননি শিক্ষার্থীরা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ সোমবার থেকে ছাত্রশিবিরের ডাকা ৬০ ঘণ্টার হরতাল চলাকালে এ ঘটনা ঘটে। রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা জালালউদ্দিন জানান, ভোর চারটার দিকে কয়েকজন যুবক এসে বিভিন্ন ভবনের তালায় সুপার গ্লু লাগিয়ে দেন। এ সময় নিরাপত্তা প্রহরীরা তাঁদের বাধা দিতে গেলে অস্ত্র দিয়ে ভয় দেখান তাঁরা। এ কারণে সকালে এসব ভবনের তালাগুলো খোলা সম্ভব হয়নি। এর ফলে শিক্ষার্থীরা এলেও ক্লাসে অংশ নিতে পারেননি। রুয়েট প্রশাসন সূত্রে জানা যায়, হরতালের মধ্যে রুয়েটে কোনো ক্লাস ও পরীক্ষা হতো না। তবে সম্প্রতি কয়েকটি টানা হরতালের কারণে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কা করছিলেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হরতালের মধ্যেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর ফলে গতকাল রোববার রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালেও ক্লাস অনুষ্ঠিত হয়। এরপর আজ সোমবার প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনের দরজার তালায় সুপার গ্লু লাগিয়ে দেওয়া হয়। হরতালে ক্লাস ও পরীক্ষায় অংশ না নিতে রুয়েটের বিভিন্ন বিভাগ ও বর্ষের ক্লাস প্রতিনিধিদের মুঠোফোনে শিবির পরিচয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, ‘অপরিচিত নম্বর থেকে বিভিন্ন শিক্ষার্থীর মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে। যাঁরা ফোন করেছেন, তাঁরা কাউকে রুয়েট শিবিরের সাধারণ সম্পাদক, আবার কাউকে বিশ্ববিদ্যালয়ের সেলিম হলের সভাপতি রকিব হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।’ এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে তিনি জানান।উপাচার্য মর্ত্তুজা আলী বলেন, ‘সেশনজট এড়াতে আমরা হরতালের দিনও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আজ ভোরে কয়েকজন ছাত্র এসে কয়েকটি তালা নষ্ট করে দিয়েছে। এ কারণে তালা খোলা সম্ভব হয়নি।’ এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপাচার্য।