হরতালে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিধান রেখে সংসদে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিধান রেখে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জনস্বার্থ বিল ২০১০ উত্থাপিত হয়েছে। জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক বেসরকারি এ বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাবসম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, হরতালে কেউ ক্ষতিগ্রস্ত হলে হরতাল আহ্বানকারী সংগঠনটির নিজস্ব তহবিল থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। তা সম্ভব না হলে হরতাল আহ্বানকারী দলের সর্বোচ্চ কমিটির সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে অথবা তাঁদের সহায়-সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করা হবে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, সংবিধানের ৩৬, ৩৭ ও ৩৮ অনুচ্ছেদে দেশের নাগরিকদের চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।কোনো কোনো সংগঠন এসব অধিকারের তোয়াক্কা না করে বিভিন্ন কর্মসূচির নামে প্রতিনিয়ত নাগরিক অধিকার হরণ করে চলেছে। এ অবস্থা নিরসনের জন্য বিধান করার দাবি জানিয়েছে ব্যবসায়ী সমাজসহ দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন।এ অবস্থায় দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর দেওয়া কর্মসূচি পালনকালে উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং কর্মসূচি প্রদান ও পালন জনস্বার্থমুখী করার লক্ষ্যে যথাযথ বিধান করার জন্য এই বিলে প্রস্তাব রাখা হয়েছে।