হরতালে গাড়িতে আগুন, পাঁচ শিবিরকর্মীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সমর্থনে গাড়িতে আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানোয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শিবিরের ওই পাঁচ কর্মী হলেন: ওয়াসিম মাহমুদ, ইয়াসিন, জসিম উদ্দিন, আল-ইমদাদ ও মাসুদুর রহমান।আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে হরতালের সমর্থনে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি গাড়িতে আগুন, প্রায় ২০টি গাড়ি ভাঙচুর ও পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় শিবিরকর্মীদের সাজা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ছয়টার দিকে বাংলাবাজার মোড় এলাকা থেকে হরতালের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে কমপক্ষে ১০০ নেতা-কর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক এলাকায় গেলে কোনো কারণ ছাড়াই গাড়ি ভাঙচুর শুরু করেন শিবিরকর্মীরা। এ সময় একটি লেগুনাসহ দুটি যাত্রীবাহী বাসে আগুন ও প্রায় ২০টি বাস ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাঁদের ধাওয়া করলে এবং গুলি ছুড়লে তাঁরা পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে দুজন গুলিবিদ্ধসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।এদিকে, এ ঘটনার পর সকাল সাড়ে আটটার দিকে নয়াবাজার এলাকায় হরতালের সমর্থনে আবারও মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। পরে পুলিশ ধাওয়া করলে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলো ডটকমকে বলেন, ভ্রাম্যমাণ আদালত ওই আটক ব্যক্তিদের এক বছর করে সাজা দেওয়ার পর তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’