হরতালে চট্টগ্রামে আটক ৪৯
হরতাল চলাকালে পিকেটিং, মিছিল ও গাড়ি ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পুলিশ আজ রোববার ৪৯ জনকে আটক করেছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের অন্তত ৩০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।চট্টগ্রাম পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, নগরের চান্দগাঁও, বহদ্দারহাট, ডবলমুরিং ও বন্দর এলাকায় পিকেটিং, লাঠি মিছিল ও গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে ৪৯ জনকে আটক করা হয়। ডবলমুরিং অঞ্চলে পুলিশের সহকারী কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, সকাল আটটা থেকে পুলিশ দেওয়ানহাটে মহানগর কার্যালয়ে তাঁদের অবরুদ্ধ করে রেখেছে। এর মধ্যে চান্দগাঁও থানার সভাপতি, সেক্রেটারি ও মহানগর ছাত্র আন্দোলনের নেতাসহ ৩০০ কর্মীকে আটক করা হয়েছে। তিনি জানান, এর প্রতিবাদে বিকেল পাঁচটায় তাঁরা দেওয়ানহাট কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করবেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম প্রথম আলোকে জানান, দেওয়ানহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ের সামনে থেকে আটক আটজনকে তাঁর আদালতে আনা হয়। আটক ব্যক্তিরা দোষ অস্বীকার করেন। তখন তাঁদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়।