হরতালে চট্টগ্রামে বিক্ষিপ্ত ভাঙচুর
বিক্ষিপ্তভাবে যানবাহন ভাঙচুরের মধ্য দিয়ে চট্টগ্রামে হরতাল পালিত হচ্ছে। তবে নগরে তেমন কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে পিকেটারেরা। একই স্থানে আরও অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, ‘পিকেটাররা সকালে একটি ট্রাকে আগুন দিয়েছে। আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে।’এদিকে, হরতাল চলাকালে বেলা ১১টার দিকে বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে তিনটি পটকার বিস্ফোরণ ঘটেছে। দলীয় কার্যালয়ের সামনে তখন বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়ে সমাবেশ করছিলেন। এ ছাড়া, নগরের মুরাদপুরে একটি অটোরিকশা ভাঙচুর ও আগ্রাবাদ ছোটপুল এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। নগরে রিকশা ও অটোরিকশা চলছে। তবে বাস-ট্রাক তেমন চলছে না। ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে।