হরতালে চট্টগ্রামের রাজপথ আওয়ামী লীগের দখলে
চট্টগ্রাম নগরে আজ মঙ্গলবারের হরতালের সময় পুরো রাজপথ ছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে। এ ছাড়াও পুলিশের বাধার কারণে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় ভবনে অবরুদ্ধ ছিলেন। এ সময় বিএনপির ১০ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, সহিংসতা এড়ানোর জন্য আজ ভোর থেকে নগরে প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং তিন প্লাটুন পুলিশ বিএনপির কার্যালয় নাসিমন ভবন দিনভর ঘেরাও করে রাখে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে বহদ্দারহাটে নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে দলীয় কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ মিছিলে লাঠিপেটা করলে কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। সেখান থেকে পুলিশ তিনজনকে আটক করে। হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপির কার্যালয় নাসিমন ভবনে দলীয় নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। তবে পুলিশ তাঁদের কাউকে রাস্তায় নামতে দেয়নি। ফলে তাঁরা ফুটপাতে আশ্রয় নেন। সকাল সাড়ে ১০টার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা এসে রাস্তায় সমাবেশ করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ বাধা দিলে নেতা-কর্মীদের নিয়ে দিনভর ফুটপাতে অবস্থান ও সমাবেশ করেন আমীর খসরু। এ সময় কর্মীরা বারবার রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশ তিনজনকে আটক করে।সমাবেশে আমীর খসরু বলেন, গত কয়েক দিন সরকার প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভয়-ভীতি দেখিয়েছে। এটা গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচনের আগে জাতিকে দেখানো ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।আওয়ামী লীগ: হরতালের নামে ‘নৈরাজ্য ও বিশৃঙ্খলার’ প্রতিবাদে নগরে দিনভর মিছিল সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। নগর আওয়ামী লীগের দুটি পক্ষ পৃথক এসব কর্মসূচি পালন করে।আজ সকালে আন্দরকিল্লায় দলের নগর কমিটির সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এক সমাবেশে বলেন, ‘বিএনপি হরতালের নামে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে জানমালের ক্ষতি করছে। ওরা আসলে প্রশ্রয় পেয়ে গেছে। তাই বাধ্য হয়ে দেশ, জাতি ও জনগণের স্বার্থে আমরা মাঠে নেমেছি।’দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা নগরের মুরাদপুর, বহদ্দারহাট, কালামিয়া বাজার, জিইসি মোড়, আগ্রাবাদ, লাভলেইনসহ অন্তত ৩০টি মোড়ে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছেন।