হরতালে চট্টগ্রামের রাজপথ ছিল আ.লীগের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গতকাল মঙ্গলবার নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে। পুলিশের বাধায় বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় নাসিমন ভবনে অবরুদ্ধ ছিলেন। বহদ্দারহাটে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। নগরের বিভিন্ন স্থান থেকে দলের ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। হরতাল চলাকালে কার্যত রাজপথ ছিল আওয়ামী লীগের সমর্থকদের দখলে। তবে নগরে কোনো গাড়ি চলাচল করেনি।পুলিশ সূত্র জানায়, সহিংসতা এড়ানোর জন্য গতকাল ভোর থেকে নগরে প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিএনপির কার্যালয় নাসিমন ভবন দিনভর ঘেরাও করে রাখে তিন প্লাটুন পুলিশ।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকালের দিকে বহদ্দারহাটে নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে দলীয় কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ মিছিলে লাঠিপেটা করলে কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। সেখান থেকে পুলিশ তিনজনকে আটক করে।হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপির কার্যালয় নাসিমন ভবনে দলীয় নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। তবে পুলিশ তাঁদের কাউকে রাস্তায় নামতে দেয়নি। ফলে তাঁরা ফুটপাতে আশ্রয় নেন। সকাল সাড়ে ১০টার দিকে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা এসে রাস্তায় সমাবেশ করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ বাধা দিলে নেতা-কর্মীদের নিয়ে দিনভর ফুটপাতে অবস্থান ও সমাবেশ করে কাটান আমীর খসরু।নাসিমন ভবনের সমাবেশে বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক সাংসদ রোজী কবির, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি দস্তগীর চৌধুরী, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ সময় কর্মীরা বারবার রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশ তিনজনকে আটক করে।সমাবেশে আমীর খসরু বলেন, গত কয়েক দিন সরকার প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখিয়েছে। এটা গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচনের আগে জাতিকে দেখানো ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।দুপুর ১২টার দিকে নাসিমন ভবনের পাশ দিয়ে আওয়ামী লীগের রিকশা মিছিল যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে যায়।বিএনপির নেতা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন হরতালের পক্ষে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কাজীর দেউড়ি থেকে একটি মিছিল নিয়ে নাসিমন ভবনের সামনে যান। এ সময় পুলিশ তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে দলীয় নেতা-কর্মীসহ তিনি বাসার দিকে চলে যান।আওয়ামী লীগ: হরতালের নামে ‘নৈরাজ্য ও বিশৃঙ্খলা’র প্রতিবাদে দিনভর মিছিল-সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। নগর আওয়ামী লীগের দুটি পক্ষ পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে। দলের নগর কমিটির সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী নিজের গাড়ি নিয়ে নগরের বিভিন্ন সড়ক ঘোরেন। নগর ভবনসংলগ্ন আন্দরকিল্লায় তিনি সকালে সমাবেশ করেন। এ সময় মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত আওয়ামী লীগের কয়েকজন নেতাও যোগ দেন।মহিউদ্দিন সমাবেশে বলেন, ‘বিএনপি হরতালের নামে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে জানমালের ক্ষয়ক্ষতি করছে। ওরা আসলে প্রশ্রয় পেয়ে গেছে। তাই বাধ্য হয়ে দেশ, জাতি ও জনগণের স্বার্থে আমরা মাঠে নেমেছি।’ বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে উদ্দেশ করে মহিউদ্দিন বলেন, ‘আইনি লড়াইয়ে খালেদা জিয়া হেরেছেন বলে আপনি আইনকে হুমকি দিচ্ছেন।’চট্টগ্রামের বিএনপির নেতাদের উদ্দেশে মহিউদ্দিন বলেন, হুমকি দেবেন না, ভয় দেখাবেন না। জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমেরও কঠোর সমালোচনা করেন।সমাবেশে অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের নেতা নইমউদ্দিন, কাজী ইনামুল হক, ইফতেখার সাইমুল চৌধুরী, এম এ রশীদ, মিরসরাই উপজেলার চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আ জ ম নাছিরউদ্দিন, সাবেক কাউন্সিলর এম এ নাসের, জহরলাল হাজারী প্রমুখ বক্তব্য দেন। পরে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয়ের দারুল ফজল মার্কেট চত্বর থেকে একটি রিকশা মিছিল বের হয়। মিছিলে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে দোস্ত বিল্ডিং ও নিউমার্কেট চত্বরে মিছিল-সমাবেশ হয়। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা নগরের মুরাদপুর, বহদ্দারহাট, কালামিয়া বাজার, জিইসি মোড়, আগ্রাবাদ, লাভলেইনসহ অন্তত ৩০টি মোড়ে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে।