হরতালে জনগণ সাড়া দিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জনগণ সাড়া দিচ্ছে না। সকালে রাজধানী ঢাকায় দেখে এসেছি হরতালে রাস্তায় যানবাহন চলছে। দুপুরে দেশের সীমান্ত জেলা কক্সবাজারের উখিয়া উপজেলায়ও একই অবস্থা দেখলাম। হরতাল নাই, সড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলছে।’ তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘তাহলে এই হরতাল কার জন্য?’আজ বুধবার বেলা আড়াইটার দিকে উখিয়া সদরে নবনির্মিত থানা ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। দুই কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে তিনতলা এই থানা ভবন নির্মাণ করা হয়।হেলিকপ্টারে করে মহীউদ্দীন খান আলমগীর বেলা দুইটার দিকে উখিয়া পৌঁছান। খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, ‘হরতালের ডাক দিয়ে নাশকতা চালিয়ে কিছুই করা যাবে না। এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য হরতাল দিয়ে লাভ নাই। সরকারকে ক্ষমতায় বসিয়েছে জনগণ। আপনি নামানোর কে?’বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চলে তাদের গঠনতন্ত্র অনুযায়ী। গঠনতন্ত্রের কোথাও হরতালের নামে বাস ও রেললাইনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির কথা উল্লেখ নাই। কিন্তু আপনারা যখন গঠনতন্ত্র অমান্য করে অপরাধী ও দুর্বৃত্ত হিসেবে মাঠে নামেন, গাড়ি পোড়ান ও ভাঙচুর করেন, তখন তো পুলিশ বসে থাকবে না। রাজনীতির নামে কাউকে দুষ্কৃতকারীর ভূমিকা পালন করতে দেব না।’ কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সায়েদুল হক, কক্সবাজারের সাংসদ আবদুল রহমান বদি, এথিন রাখাইন, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান, পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপমহাপরিদর্শক নওশের আলী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রমুখ।