হরতালে ট্রাক ভাঙচুর ও আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ডাকে রাজশাহী বিভাগের তিন জেলায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলাগুলো হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর। বেলা তিনটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে পাঁচটি ট্রাক ভাঙচুর ও রাজশাহীতে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির শাখার অর্থ সম্পাদক তাজাম্মুল আলী ও ছাত্রকল্যাণ সম্পাদক আজিজুর রহমানকে ২৪ জুন ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মুক্তির দাবিতে সংগঠনটি হরতালের এই ডাক দেয়।আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সকাল সোয়া নয়টার দিকে পিকেটাররা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পিটিআইসংলগ্ন এলাকায় পাঁচটি ট্রাক ভাঙচুর করে। সকাল সোয়া সাতটার দিকে শহরের বড় ইন্দারা মোড় থেকে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হুজরাপুরে গিয়ে শেষ হয়।এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। হরতালে শহরের বিভিন্ন বিপণিকেন্দ্রের বড় বড় দোকান বন্ধ রয়েছে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সকাল থেকে শিবির-কর্মীরা বিচ্ছিন্নভাবে পিকেটিং ও মিছিলের চেষ্টা করেন। দুপুর ১২টার দিকে তাঁরা নগরের পার্শ্ববর্তী পবা উপজেলার মহেন্দ্রা মোড় এলাকায় আমবোঝাই একটি ট্রাকে আগুন দেন। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। সকালে মিছিলের প্রস্তুতিকালে নগরের লোকনাথ স্কুলের সামনে থেকে একজনকে ও হেতেমখাঁ এলাকার কালচার হাউস নামের একটি মেস থেকে ছয় শিবির-কর্মীকে আটক করে পুলিশ। হরতালের কারণে নগর থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে অন্যান্য যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। দোকানপাট সকালের দিকে অনেকটা বন্ধ থাকলেও দুপুরের পর খুলতে শুরু করে। নাটোর প্রতিনিধি জানান, সকাল ছয়টার দিকে শহরের হরিশপুর এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে ছাত্রশিবির। পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। শহরে বাস চলাচল বন্ধ রয়েছে, তবে ট্রাক ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।