হরতালে ডুমুরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১
ইসলামী ছাত্রশিবিরের ডাকে গতকাল বৃহস্পতিবার হরতাল চলাকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় ককটেলের বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও আগুন এবং ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে সহিংসতায় পুলিশসহ ৭৬ জন আহত হয়েছে। আটক করা হয়েছে জামায়াত-শিবিরের ৭০ নেতা-কর্মীকে। ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামের গাজীপাড়া মোড়ে সকাল থেকে জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে থাকেন। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে চেচুড়ি ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর ইট ছোড়েন। একপর্যায়ে তাঁরা পুলিশ ক্যাম্পেও ইট ছুড়তে থাকেন। তখন পুলিশ হামলাকারীদের ওপর গুলি ছোড়ে। আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে কাঠেঙ্গা গ্রামের ভ্যানচালক মুনসুর গাজী (৪২) গাজীপাড়া মসজিদের ইমাম জামায়াতের কর্মী মুজিবর রহমান (৩৫), কামরুল গাজী (৪০) ও রফিকুল ইসলাম (৩৮), শিবিরের কর্মী রাসেল গাজী (১৮), শামিম গাজী (১৭) ও ইয়ামিন মোল্লা (২১) গুলিবিদ্ধ হন।গুলিবিদ্ধ ভ্যানচালক মুনসুর গাজীকে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া চেচুড়ি পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনসহ পুলিশের চার সদস্য আহত হন। চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় বুধবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় ছাত্রশিবিরের দুই কর্মী আহত হন। এ সময় পুলিশের পাঁচ সদস্যও আহত হন। তাঁরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া, কনস্টেবল দেলোয়ারসহ সাইফুল, সাগর ও মিঠু। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পুলিশ বাদুরতলার একটি ভবন থেকে দুটি এলজি, তিনটি ককটেলসহ শিবিরের আটজনকে গ্রেপ্তার করে। ভবনটির নিচে পুলিশের ওপর হামলার ঘটনায় শিবিরের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে নগরের মুরাদপুর এলাকায় গ্রেপ্তার করা হয় শিবিরের আরেক কর্মীকে।চাঁদপুর: ভোর থেকে সকাল সাতটা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকায় কয়েকটি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত ও বিএনপির পাঁচ কর্মীকে আটক করে।জয়পুরহাট: জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল এলাকায় শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও র্যাব কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। হরতাল-সমর্থকেরা পুরানাপৈল বাজারে পুরানাপৈল ইউনিয়ন আওয়ামী লীগ ও কৃষক লীগের কার্যালয় ভাঙচুর করে আসবাবে আগুন দেয়।এ ঘটনার পর হরতালকারীরা পুরানাপৈল গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়—সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ এবং পাঁচ-সাতজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। সকাল সোয়া ১০টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান আন্তনগর ট্রেনটি সেখানে পৌঁছার পর হরতাল-সমর্থকেরা ট্রেনে পাথর ছুড়ে ট্রেন ভাঙচুর করে। এতে ট্রেনের ১৫-২০ জন যাত্রী আহত হয়।জয়পুরহাট শহরের আমতলী এলাকা থেকে সকালের দিকে সদর উপজেলার হারাইল গ্রামের জামায়াত-সমর্থক মুকুল হোসেন ও হিচমী গ্রামের রেজাউল ইসলামকে দুটি ককটেলসহ গ্রেপ্তার করে পুলিশ।সিরাজগঞ্জ: সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে হরতালকারীরা। এ সময় দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস ভাঙচুর করেছেন শিবিরের নেতা-কর্মীরা।নীলফামারী: জলঢাকা উপজেলার কালিগঞ্জ বাজারে সকালে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা পিকেটিং শুরু করলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের একটি হরতালবিরোধী সমাবেশে হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় সংঘর্ষে দুই পক্ষের ২৫ নেতা-কর্মী আহত হন।গাজীপুর: ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের সময় গাজীপুর সদর ও টঙ্গীতে গাড়ি পোড়ানোর ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। এতে জামায়াত-শিবির এবং বিএনপি ও অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে দুজন ও নাশকতার পরিকল্পনার অভিযোগে শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।বাগেরহাট: মোরেলগঞ্জ উপজেলায় সকালে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের কালিকাবাড়ি নামক স্থানে সকালে একটি ট্রাক ভাঙচুর করে শিবিরের পিকেটাররা। এ সময় জনতা শিবিরের চার পিকেটারকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। দিনাজপুর: খানসামা উপজেলার পাকেরহাটে সকালে শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ইটের আঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের এক কর্মীকে আটক করেছে।রাজশাহী: হরতাল চলাকালে নগরের খড়খড়ি বাইপাস সড়ক ও বিনোদপুর দেবিশিং পাড়ায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখার চেষ্টা করে শিবির। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। নগরের হেতেমখাঁ এলাকায় তল্লাশি চালিয়ে শিবিরের কর্মী সন্দেহে ১৪ জনকে আটক করে পুলিশ।চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে পিকেটাররা দুটি ট্রাক ভাঙচুর ও একটি ট্রাকে আগুন দেয়। এ সময় এক পিকেটারসহ তিনজন আহত হয়। পুলিশ জীবননগর ও আলমডাঙ্গা থেকে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করেছে।সাভার: হরতাল-সমর্থকেরা সকাল ১০টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে পর পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। ভোর ছয়টার দিকে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পিকেটাররা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ সময় একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করে।সিলেট: নগরের রিকাবীবাজার এলাকার পুলিশ লাইনস থেকে একটি জিপ গাড়ি দিয়ে নারী পুলিশসহ একদল পুলিশ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে গাড়িটি লামাবাজার ভিআইপি সড়ক দিয়ে যাওয়ার সময় ‘হরতাল-হরতাল’ বলে ঢিল ছোড়া হয়। এতে একজন নারীসহ পুলিশের তিন সদস্য আহত হন। নগরের চৌহাট্টা এলাকায় হাতবোমা বিস্ফোরণকালে পুলিশ মোটরসাইকেল আরোহী শিবিরের দুই কর্মীকে আটক করে।দাউদকান্দি (কুমিল্লা): সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার তীরচর ও কাঠেরপুল নামক স্থানে পিকেটিংয়ের সময় পুলিশ ছয় পিকেটারকে আটক করে। ফেনী: ভোর থেকেই শিবিরের কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় অন্তত ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। একটি ট্রাক ও চারটি ইজিবাইক (টমটম) ভাঙচুর এবং তিনটি টমটমে আগুন দেয়। তারা পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে, টায়ারে আগুন দিয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করে। পুলিশ জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করে। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকা থেকে আরও চারজনকে আটক করা হয়।বিরামপুর (দিনাজপুর): সকালে পৌর শহরের প্রেসক্লাব মোড় থেকে শিবির মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করে। তখন শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।বোদা (পঞ্চগড়): উপজেলার বদেশ্বরী তেতলির মোড় এলাকায় পিকেটিং করার সময় বাধা দেওয়ায় জামায়াত-শিবির ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছে। পুলিশ জামায়াতের এক কর্মীকে আটক করেছে।পীরগাছা (রংপুর): সকাল ১০টার দিকে উপজেলার পীরগাছা -তাম্বুরপুর সড়কের পাকার মাথা নামক স্থানে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করার সময় পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের এক কর্মীকে আটক করে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): হরতালের সমর্থনে শিবিরের মিছিলে পুলিশ ধাওয়া ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সেখান থেকে দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।