হরতালে তরল গ্যাস, রঙিন পানি (ভিডিও)
বামপন্থী দুটি রাজনৈতিক জোটের ডাকে আজ বুধবার সারা দেশে আধা বেলা হরতাল চলছে। রাজধানীতে হরতাল পালনকারী কর্মীদের ওপর তরল গ্যাস ও জলকামান থেকে রঙিন পানি ছুড়েছে পুলিশ।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পৃথকভাবে এ হরতাল কর্মসূচি দিয়েছে। এই হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে।হরতালের সমর্থনে বামপন্থী দুটি রাজনৈতিক জোটের নেতা-কর্মীরা পল্টন, শাহবাগ, মোহাম্মদপুর, মিরপুরে মিছিল সমাবেশ করেছেন।সকাল সাতটার দিকে কমিউনিস্ট পার্টি ও বাসসের নেতা-কর্মীরা পল্টন মোড় অবরোধ করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে তাঁদের লক্ষ্য করে তরল গ্যাস ছিটিয়েছে পুলিশ। এ ছাড়া জলকামান থেকে রঙিন পানি ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয় তারা।পল্টনে অবস্থানরত হরতালকারীরা দাবি করেছেন, পুলিশ তাঁদের সেখানে দাঁড়াতেই দেয়নি। বাসদ ও কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীদের তাঁদের কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখারও অভিযোগ করেছেন তাঁরা। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম দাবি করেছেন, পল্টনে পুলিশের হামলায় দলের সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিপিবি ও বাসদের মিছিলে হামলা চালিয়েছে।মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রেন্টাল ও কুইক রেন্টালের মালিক ও আইএমএফের স্বার্থ রক্ষার জন্যই সরকার এ ধরনের হামলা চালিয়েছে। এ ছাড়া বেআইনি অস্ত্র (তরল গ্যাস) ব্যবহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চেয়েছেন তিনি।পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপসহকারী কমিশনার (এডিসি) মেহেদি হাসান বলেছেন, ‘সকালে হরতালকারীরা পল্টন মোড় অবরোধ করতে চেয়েছিল। তখন আমরা তাদের বাধা দিই।’ পল্টন মোড়ে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সিপিবির প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করতে থাকেন হরতালকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়নের একটি মিছিল ওই সমাবেশে যোগ দেয়। এ সময় তারা সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরে যেতে বলে। অবরোধকারীরা সড়ক থেকে সরে না যাওয়ায় তাদের লক্ষ্য করে তরল গ্যাস ছোড়ে পুলিশ। পরে হরতালকারীদের লাঠিপেটা করে ও জলকামানের পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় হরতালকারীরা সিপিবির কার্যালয়ের ভেতরে চলে যায়। বামপন্থী দুটি রাজনৈতিক জোটের কেন্দ্রীয় নেতারা এখন প্রেসক্লাবে সমাবেশ করছেন। হরতাল শেষে তাঁদের সংবাদ সম্মেলন করার কথা।