হরতালে দুই জেলায় ১০ জনের কারাদণ্ড ও জরিমানা
নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিং ও টায়ারে অগ্নিসংযোগের মধ্য দিয়ে বিএনপির ডাকা হরতাল চলছে। হরতালের সমর্থনে জেলা বিএনপির দুই অংশ সকালে ও দুপুর ১২টায় পৃথক মিছিল করেছে। এ সময় পর্যন্ত জেলা শহরের বিভিন্নস্থান থেকে পুলিশ ১০ পিকেটারকে আটক করেছে। তাঁদের মধ্যে পাঁচজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়।এদিকে হরতাল চলাকালে ময়মনসিংহ শহরের নতুনবাজার এলাকা থেকে আটক ছাত্রদলের কর্মী রিপন ও শিমুলকে আড়াই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া যুবদল শহর শাখার কর্মী পাপ্পু, নাঈম ও মইনকে যথাক্রমে তিন, চার ও পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফয়জুল আলীম এ জরিমানা ও কারাদণ্ড দেন। তিনি জানান, পিকেটিং ও ভাঙচুর অভিযোগে তাঁদের এ সাজা দেওয়া হয়েছে।এদিকে নোয়াখালীতে গতকাল বুধবার রাতে হরতাল সামনে রেখে জেলার সদর, কবিরহাটসহ বিভিন্ন উপজেলা থেকে পুলিশ বিএনপি ও জামায়াতের আরও ১০ জন কর্মীকে আটক করেছে বলে জানা গেছে। তাঁদের দুপুরে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।সুধারাম (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার দুপুরে প্রথম আলোকে জানান, দত্তের হাট, পৌরবাজারসহ কয়েকটি স্থানে পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।