হরতালে দেশের যে ক্ষতি হয়, সরকার তারও বেশি ক্ষতি করছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী মনে করছে, সরকার দেশের বিরাট ক্ষতি করছে। এক দিনের হরতালে যে ক্ষতি হয়, তার চেয়ে ওই ক্ষতি বেশি। তাই বিএনপির ৩০ নভেম্বরের হরতালকে সমর্থন করেছে জামায়াত।গতকাল রোববার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন। গত শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে ৩০ নভেম্বরের হরতালে সমর্থন চান। জামায়াত দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানায়। গতকাল জামায়াত বিএনপির হরতালে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানায়।চারদলীয় জোটের অংশীদার হিসেবে ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিরোধী দলের হরতালের সমালোচনা করত জামায়াত। বিরোধী দল দেশের অর্থনীতিকে ধ্বংস করতে হরতাল দেয়—ক্ষমতায় থাকাকালে জামায়াতের এমন অভিযোগের বিষয়ে গতকাল এ টি এম আজহারের দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কথা জামায়াত বলেনি। জামায়াত সব সময় বলেছে, হরতাল একটি কর্মসূচি। তবে একান্ত বাধ্য না হলে এমন কর্মসূচি দেওয়া উচিত নয়। এবার জনগণের দাবি আদায় করার জন্য হরতাল দেওয়া হয়েছে। তা ছাড়া সরকার আমাদের রাস্তায় নামতে দিচ্ছে না। আমাদের সব কর্মসূচিতে বাধা দিচ্ছে। এ অবস্থায় আমাদের প্রতিবাদ করার জন্য কিছু একটা করতে হবে।’সরকার কর্মসূচি পালন করতে দেয় না—এমন ঘটনার প্রতিবাদে তো এই হরতাল হচ্ছে না। তাহলে কেন হরতাল সমর্থন করছেন—এমন প্রশ্নের জবাবে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি যেসব ইস্যুতে হরতাল দিয়েছে, জামায়াতও সেগুলো নিজের ইস্যু মনে করে।হরতালে দেশের অর্থনীতির ক্ষতি হয় বলে মনে করেন কি না—জানতে চাইলে আজহার বলেন, ‘আমরা মনে করি সারা দেশে সরকার যে ক্ষতি করছে তার চেয়ে এই হরতালে ক্ষতি কম হবে।’ তিনি দাবি করেন, জোট সরকার ক্ষমতা ছাড়ার সময় চালের কেজি ছিল ১৬ টাকা। এখন সেটি ৩০ টাকার বেশি। আড়াই বছরে প্রতি কেজি চালের দাম যত বেড়েছে, হিসাব করলে তা এক দিনের হরতালের ক্ষতির চেয়ে বেশি হবে।