হরতালে দোকানপাট খুলবে, গাড়ির চাকা ঘুরবে
জামায়াতে ইসলামীর ডাকা আগামীকাল সোমবারের হরতাল প্রত্যাখ্যান করে সারা দেশে দোকানপাট খোলা ও যানবাহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি ও পরিবহন মালিক সমিতি।মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ রোববার এ সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ও পরিবহন মালিকদের সংগঠন।শাহবাগে চলমান আন্দোলনের আহ্বায়ক ইমরান এইচ সরকার প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল থেকেই জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে সব স্কুল-কলেজ, ব্যাংক-বিমাপ্রতিষ্ঠান, দোকানপাট ও কলকারখানা খোলা রাখার আহ্বান জানানো হচ্ছে। এরই মধ্যে দোকান মালিক সমিতি ও পরিবহন মালিক সমিতি হরতাল প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। আগামীকাল সব প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।’ইমরান আরও বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় জামায়াতকে প্রতিহত করতে হবে। কেননা তাদের প্রতিহত না করলে দলটি শক্তিশালী হয়ে উঠবে। তিনি সবাইকে দেশ বাঁচানোর স্বার্থে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।দোকান খুলবেরাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বিপণিবিতানে আজ সকালে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও এর অঙ্গ সংগঠন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নেতারা জরুরি বৈঠকে বসেন। সেখান থেকে তাঁরা আগামীকালের হরতাল প্রত্যাখ্যান করে সারা দেশে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেন। জানতে চাইলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘হরতাল করার যেমন অধিকার আছে, তেমনি হরতাল না করার অধিকারও আমাদের আছে। আমরা এ হরতাল প্রত্যাখ্যান করেছি।’দোকান মালিক সমিতির সভা শেষে সংগঠনের মহাসচিব এস এ কাদের সাংবাদিকদের বলেন, অযৌক্তিক দাবিতে ডাকা জামায়াত-শিবিরের হরতাল ব্যবসায়ীরা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে সারা দেশে দোকানপাট খোলা রাখারও সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানের দোকান মালিক সমিতিগুলোকে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে দোকান মালিক সমিতি। শাহবাগ চত্বরকে ‘রাজীব চত্বর’ ঘোষণারও দাবি জানিয়ে এস এ কাদের বলেন, ‘আমরা শাহবাগ চত্বরকে “প্রজন্ম চত্বর” বা অন্য কোনো নামে না ডেকে “রাজীব চত্বর” ঘোষণার অনুরোধ জানাচ্ছি।’গাড়ির চাকা ঘুরবেজামায়াতের ডাকা সোমবারের হরতাল প্রত্যাখ্যান করেছে পরিবহন মালিক সমিতি। এ সিদ্ধান্ত জানাতে আজ রোববার মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, কাল সারা দেশে যানবাহন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।