বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আজ সোমবারের হরতালে সাড়া দেয়নি নগরবাসী। শাহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে রাজধানীবাসী হরতাল প্রত্যাখ্যান করেছে। রাজধানীর অধিকাংশ সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে বেশির ভাগ দোকানপাট। গুলশান থেকে পুলিশ সকালে ইসলামী ছাত্রশিবিরের পাঁচজন কর্মীকে আটক করেছে।মিরপুর: শেওড়াপাড়া, কাজিপাড়ার আসবাবের দোকান, মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার টাইলস, স্যানেটারি, হার্ডওয়্যারের দোকান, মিরপুর ২ নম্বর এলাকায় ও স্টেডিয়ামের সামনের কাপড়ের দোকানগুলো খোলা রয়েছে। এসব এলাকায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি চলাচল তুলনামূলক কম দেখা গেছে।কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মিরপুর ১০ নম্বরে শাহবাগের আন্দোলনের সমর্থনে গণজাগরণ মঞ্চ স্থাপন করা হয়েছে। সেখানে অবিরাম স্লোগান চলছে। হরতাল প্রতিরোধে মাঠে রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।মিরপুর ১ নম্বর এলাকায় চশমার দোকানসহ প্রায় সব দোকানই খোলা রয়েছে। এখানে অন্যান্য দিনের মতো আজও যথারীতি বাসের জটলা লেগে আছে। বাসের সংখ্যা অনেক হলেও সে তুলনায় যাত্রী কম। পিকেটারদের ঠেকাতে রাস্তায় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ র্যাব মোতায়েন রয়েছে।মিরপুর বাঙলা কলেজের অফিস খোলা রয়েছে। তবে কোনো ক্লাস হচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্লাস না হলেও পরীক্ষা চলবে।
গাবতলী: গাবতলী বাস টার্মিনালে ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাস এলেও এখান থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তবে গাবতলী থেকে মানিকগঞ্জ, ধামরাইসহ স্বল্প দূরত্বের বাস চলাচল করছে।সাতক্ষীরা থেকে ঢাকায় আসা হানিফ পরিবহনের একটি বাসের চালক ওমর আলী প্রথম আলো ডটকমকে জানান, ফরিদপুরের আটরশির ওরসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে প্রচণ্ড যানজট থাকায় নাইট কোচের এই বাসটি ঢাকা পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। তবে রাস্তায় কোনো সমস্যা হয়নি।এখানকার বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে। তবে মোটর পার্টসের দোকান ও ওয়ার্কশপগুলো খোলা রয়েছে।ভিকারুননিসা ও উইলস লিটলে ক্লাস: শাহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে আজ হরতাল উপেক্ষা করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা অব্যাহত রয়েছে। তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যান্য দিনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশ কম বলে জানা গেছে।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম জানান, তাঁদের স্কুল শাখায় সকাল আটটায় এবং কলেজ শাখায় সকাল সাড়ে আটটায় ক্লাস শুরু হয়েছে। তিনি জানান, সব শিক্ষকই যথাসময়ে উপস্থিত হয়েছেন। তবে ছাত্রীদের উপস্থিতি কিছুটা কম।উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যম শাখার প্রধান তাসমিনা বেগম এবং বাংলা মাধ্যমের উপাধ্যক্ষ মশিউর রহমান জানান, তাঁদের স্কুলেও সকাল আটটায় নির্ধারিত সময়ে ক্লাস শুরু হয়েছে। এখানেও ছাত্রছাত্রীদের উপস্থিতি কম। তবে যারা ক্লাস করতে এসেছে, তাদের নিয়েই ক্লাস চলছে।এদিকে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার কারণে পূর্বঘোষিত ছুটি চলছে।গুলশানে পাঁচ শিবিরকর্মী আটক: তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস প্রথম আলো ডটকমকে বলেন, সকালে গুলশান লিংক রোডে শিবিরের কর্মীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।এ সময় রিয়াজ (২২) নামের শিবিরের এক কর্মী আহত হন। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে ও আরও চারজনসহ মোট পাঁচজনকে আটক করে বলে এসআই জানান। রিয়াজের পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বাকি চারজন বর্তমানে থানায় আছেন।