হরতালে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, হরতালের নামে ইসলামী ঐক্যজোটের একাংশ কোনো নৈরাজ্য সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নৈরাজ্যকারীদের তাত্ক্ষণিক গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। আজ রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল সূত্রে এ খবর পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদ আরও বলেন, হরতালে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, হরতালকে ‘না’ বলার নাগরিক অধিকার সবার রয়েছে। হরতালে যদি কেউ বাস অথবা লঞ্চ চালাতে চায়, তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, কাল সোমবার ইসলামী ঐক্যজোটের একাংশ হরতাল আহ্বান করেছে। নারীনীতি বাতিলের দাবিতে দলটি এই হরতাল আহ্বান করে।