হরতালে নয়াপল্টনে আটক ২
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) বিভক্তির প্রতিবাদে আজ রোববার সকাল থেকে বিএনপির ডাকা হরতালের সময় দুজনকে আটক করেছে পুলিশ। সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাঁদের আটক করে।এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর আহমেদ রিজভীর নেতৃত্বে একটি মিছিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। হরতালের প্রথম প্রহর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরোধ করে রেখেছে পুলিশ। ভোর পাঁচটার দিক থেকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশ এলাকায় অবস্থান নেয়। ফলে কোনো ধরনের মিছিল বা পিকেটিং করতে পারেননি দলীয় নেতা-কর্মীরা। বিএনপির ডাকা এই হরতালে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস।