বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে গতকাল রোববার রাজধানী ঢাকায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) বিভক্ত করার প্রতিবাদে ডাকা এই হরতাল চলাকালে জজ আদালত এলাকায় হরতালকারীদের সঙ্গে পুলিশ ও সরকারদলীয় কর্মীদের সংঘর্ষ হয়েছে। হরতালকারীরা পুলিশের একটি গাড়ি ও দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। ভাঙচুর করে ডজন খানেক গাড়ি।সংঘর্ষের সময় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। খোকাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সাদেক হোসেন খোকাকে পুলিশের হেফাজতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। তিনি বলেন, এর প্রতিবাদে আজ সোমবার ঢাকায় বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে।পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার খুরশীদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশ হেফাজতে ছুরিকাঘাত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ধারণা করছি, কোনো ইটের আঘাতে এমনটি হতে পারে।’বিএনপি অভিযোগ করে, হরতাল চলাকালে বিভিন্ন স্থান থেকে তাদের প্রায় ২৫০ জন কর্মীকে আটক করা হয়েছে।তবে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান জানান, পুলিশ ৩৪ জনকে আটক করেছে। এ ছাড়া হরতালের সময় ১০টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করেন। তবে কাউকে সাজা দেওয়া হয়নি।বর্তমান সরকারের আমলে বিএনপির ডাকা আগের আটটি হরতালের তুলনায় গতকালের হরতালে দলীয় নেতা-কর্মীদের মাঠে বেশি দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। তবে পুলিশের বাধার কারণে তাঁরা রাস্তায় বেশিক্ষণ থাকতে পারেননি। জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট ও সমমনা দলগুলো হরতালের সমর্থন দিলেও এসব দলের কোনো তৎপরতা দেখা যায়নি।হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মিছিল করেছে। হরতাল চলাকালে রাজধানীর বেশির ভাগ দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল। সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর খোলা ছিল। নগরের বিভিন্ন সড়কে অল্পসংখ্যক বাস, অটোরিকশাসহ বিভিন্ন যান চলাচল করেছে। তবে রাস্তায় রিকশার আধিক্য ছিল। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। তবে যাত্রীসংখ্যা ছিল কম।আদালত প্রাঙ্গণে সংঘর্ষ: প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ধোলাইখাল এলাকা থেকে সাদেক হোসেন খোকার নেতৃত্বে হরতালের পক্ষে একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এরপর মিছিল নিয়ে সাদেক হোসেন আদালত প্রাঙ্গণে গেলে তাতে যোগ দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা।বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে সাদেক হোসেন মিছিল নিয়ে আবার বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দূর থেকে ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হলে পুলিশ লাঠিপেটা শুরু করে। তখন বিএনপির কর্মীরাও পুলিশের ওপর পাল্টা হামলা চালান। তাঁরা আদালত চত্বরে থাকা ডজন খানেক গাড়ি ভাঙচুর করেন এবং পুলিশের একটি গাড়ি ও দুটি মোটরসাইকেলে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার রাজীব আল মাসুদ ও লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম এবং দেশ টিভির সাংবাদিক আখলাকুস সাফা আহত হন।রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান প্রথম আলোকে বলেন, গাড়ি পোড়ানো ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশের করা মামলা দুটিতে ৩০ জনের নাম উল্লেখ করে এবং এক-দেড় শ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে সাদেক হোসেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাঁকে টেনেহিঁচড়ে বের করে এবং পুলিশ ভ্যানে নিয়ে তোলে। এ সময় পুলিশ বিএনপির কর্মীদের ব্যাপক লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজের ছাত্রলীগের কর্মীরাও আদালত চত্বরে ঢুকে বিএনপির কর্মীদের মারধর করেন। তখন হরতালবিরোধী মিছিল বের করেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। প্রত্যক্ষদর্শী বিএনপির সমর্থক আইনজীবীরা অভিযোগ করেন, গোলযোগের মধ্যে সাদেক হোসেনকে আটক করে পুলিশ ভ্যানের দিকে নেওয়ার সময় তাঁর ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। তাঁরা খোকার দিকে ইটের টুকরা ছুড়তে থাকেন।এ ছাড়া সেখান থেকে পুলিশ কিছু পিকেটারকে আটক করে কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়। তখন পুলিশের হেফাজতে থাকা এসব পিকেটারের ওপর চড়াও হয় সরকার-সমর্থকেরা।ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি-সমর্থক আইনজীবী ইকবাল হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘মিছিল শেষে মামলাসংক্রান্ত বিষয়ে কথা বলতে আমার কক্ষে এসেছিলেন সাদেক হোসেন খোকা। ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে পুলিশ এসে আমাদের ওপর হামলা চালায় এবং খোকাকে লাঞ্ছিত ও আটক করে নিয়ে যায়। এ সময় অন্য আইনজীবীদেরও মারধর করা হয়।’আওয়ামী লীগের সমর্থক আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক এ কে এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হরতাল চলাকালে রাস্তায় মিছিল না করে সাদেক হোসেনের নেতৃত্বে বিএনপির সন্ত্রাসীরা আদালত প্রাঙ্গণে এসে ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়িতে আগুন দেয়। আমরা সাধারণ আইনজীবীরা মিলে তা প্রতিরোধ করেছি। পরে পুলিশ খোকাকে আটক করে নিয়ে যায়।’পুলিশের লালবাগ অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার কামরুজ্জামান বলেন, খোকাকে আটক করা হয়নি। তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।আহত খোকা হাসপাতালে: সাদেক হোসেন খোকাকে আটকের আধঘণ্টা পর পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এরপর খোকা গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তাঁর একান্ত সহকারী মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খোকার বাঁ পায়ের ঊরুর ওপর ছুরিকাঘাত করা হয়েছে। ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে।মনিরুল অভিযোগ করেন, ‘আদালত প্রাঙ্গণ থেকে আটকের সময় পুলিশের উপস্থিতিতে সরকারি দলের কর্মীরা খোকাকে ছুরিকাঘাত করেছে।’খোকাকে চিকিৎসা দিচ্ছেন ইউনাইটেড হাসপাতালের বিশেষজ্ঞ শল্যচিকিৎসক আবু সাঈদ এম এম রহমান। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোকে জানান, খোকা কিছু আঘাত নিয়ে হাসপাতালে এসেছেন। আঘাতের স্থান পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি বলেন, খোকার ক্ষতস্থানে কোনো সেলাই দেওয়া হয়নি। সেলাইয়ের দরকার হবে কি না, সেটা দেখতে হবে।সাংসদদের মিছিল: হরতাল চলাকালে সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির সাংসদেরা। সেখান থেকে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। তবে পুলিশি বাধার কারণে তাঁরা রাস্তায় নামতে পারেননি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির সাংসদদের বাগিবতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সাংসদেরা রাস্তায় বসে পড়েন। পরে তাঁরা সংসদের আরেক প্রান্ত থেকে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ আবারও বাধা দেয়। এরপর বিএনপির সাংসদেরা উল্টো দিক থেকে আবার মিছিল শুরু করেন।বরকতউল্লা, শহীদ উদ্দীন চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন, আবুল খায়ের ভুঁইয়া, আশরাফউদ্দিন, নজরুল ইসলাম, সৈয়দা আসিফা আশরাফী, রেহানা আক্তারসহ প্রায় ২৫ জন সাংসদ মিছিলে অংশ নেন।বিভিন্ন স্থানে পুলিশের বাধা: হরতাল চলাকালে দিনভর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ। মির্জা ফখরুলের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে দলের কয়েকজন নেতা-কর্মী অবস্থান নেন।ভোর সাড়ে পাঁচটার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে একটি মিছিল বের হয়, কিন্তু পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের হাতাহাতি হয়।জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার নেতৃত্বে গুলশান ২ নম্বর থেকে একটি মিছিল বের হলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। সকাল ১০টার দিকে মহাখালী বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা গলি থেকে তিতুমীর কলেজ ছাত্রদল একটি মিছিল বের করে। তারা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা গলিপথে পালিয়ে যায়। এ সময় নিউ এজ পত্রিকার একজন ফটোসাংবাদিক আহত হন।আ.লীগের হরতালবিরোধী মিছিল: আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল বের করে। এসব মিছিলে পুলিশ কোনো বাধা দেয়নি।বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে দিনভর আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। পুরান ঢাকায় আওয়ামী লীগের নেতারা কয়েকটি মিছিল বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রলীগ।মহাখালীর তিতুমীর কলেজ থেকে ছাত্রলীগের কর্মীরা কয়েক দফায় হরতালের বিপক্ষে মোটরসাইকেল মহড়া দেন।রাসেল স্কয়ার ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, মিরপুর ১ ও ১০ নম্বর এবং গাবতলী থেকে মিছিল বের করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।