হরতালে পুলিশের দিনকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাইন থেকে বের হয়েছি ভোর চারটায়। পরিস্থিতি স্বাভাবিক থাকলে কাজ শেষ হবে সন্ধ্যা সাতটায়। গাড়ি এসে আবার লাইনে যখন ফিরব, তখন রাত আটটা বেজে যাবে। তারপর বোঝেন কেমন আছি।’কথাগুলো হাসিমুখে বললেও চাপা কষ্ট এভাবেই প্রকাশ করলেন পুলিশ কনস্টেবল আবদুর রাজ্জাক। আজ চৈত্রের তপ্ত দুপুরে মিরপুর আল হেলাল হাসপাতালের সামনে দাঁড়িয়ে যখন তিনি এ কথা বলছিলেন, তখন তাঁর মাথায় হেলমেট, পায়ে কালো রঙের গার্ড, বাঁ হাতে প্লাস্টিকের ঢাল, আর ডান হাতে কমপক্ষে সাড়ে তিন কেজি ওজনের একটি আগ্নেয়াস্ত্র, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট।চল্লিশোর্ধ্ব রাজ্জাকের পাশে দাঁড়িয়েছিলেন স্বপন, রাজ্জাক, মাহফুজের মতো সাতজন কনস্টেবল। সাজপোশাক একই। দায়িত্ব পালনে প্রস্তুতিও একই রকম। ভোরে নাশতা করেছেন তাঁরা। এরপর পেটে আর দানাপানি পড়েনি। তবে যথাসময়ে খাবার চলে এসেছে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ না মেলায় দুপুরের খাওয়া শুরু করেননি কেউ।লালমনিহাটের রাজ্জাক বলেন, ‘ভাই, ২৩ বছর ধরে কনস্টেবল হিসেবে কাজ করছি। এসব আমাদের সহ্য হয়ে গেছে। হরতাল, মিছিলে আমাদের কাজের ধকল বেড়ে যায়। স্বাভাবিক দিনে সকাল সাড়ে ছয়টায় বের হই। হরতাল হলে আরও দুই ঘণ্টা আগে। প্রস্তুতি নিই আরও এক-দেড় ঘণ্টা আগ থেকে।’রাজ্জাক, স্বপন, এমদাদের মতো মাঠপর্যায়ে পুলিশ কনস্টেবলরা প্রতিদিন গড়ে ১৫ ঘণ্টা দায়িত্ব পালন করেন। এ ছাড়া প্রস্তুতি ও যাতায়াত মিলে আরও ঘণ্টা তিনেক সময় ব্যয় করতে হয়। গোলযোগের মাত্রা বেড়ে গেলে সময় আরও বেড়ে যায়। সব মিলিয়ে মাত্র পাঁচ ঘণ্টা বিশ্রাম। সাপ্তাহিক ছুটি নেই।এ ব্যাপারে প্রশ্ন করলে তাঁদের কষ্ট মেশানো হাসি আরও বেড়ে যায়। তাঁদের সমস্যার যেন শেষ নেই। থাকার স্থান নিয়ে বিড়ম্বনা, খাওয়া অপ্রতুল। রাতে ঘুমানোর সময় বিদ্যুত্ চলে গেলে বিকল্প ব্যবস্থা নেই। রাজ্জাক বলেন, ‘আমি এসএসসি পাস করেছি। তবে এখন অনেকে এমএ পাস করেও কনস্টেবল পদে চাকরি নিচ্ছেন। আসলে চাকরির নিশ্চতার কারণে এ পেশায় আসছেন তাঁরা। মাহফুজ এক সহকর্মীকে দেখিয়ে তিনি জানান, ওরা বিএ পড়ছে। পরীক্ষার সময় ছুটি নিয়ে নেয়। তবে তা কেবল পরীক্ষার দিন। পরিবারের সদস্যদের কথা মনে পড়লেও কোনো উপায় নেই। বছরের ৫০ দিনের মতো ছুটি পান তাঁরা। ভেঙে ভেঙে ছুটি নিয়ে তাঁরা গ্রামের বাড়ি যান।’ পল্লবী থানার পরিদর্শক মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা তো চাকরিতে বন্ড সই দিয়েই ঢুকেছি যে, ২৪ ঘণ্টা কাজ করব। কনস্টেবল যাঁরা আছেন, তাঁদের শিফটিং ডিউটি। আমাদের তা নেই। সকাল-সন্ধ্যা হরতাল হলে কাজের চাপ বেড়ে যায়। আর টানা ৩৬ ঘণ্টা হরতাল হলে যে কী অবস্থা হয়, তা বোঝাতে পারব না।’ তিনি বলেন, ‘পুলিশ লাইনের কনস্টেবলদের খাবার আসে নিজ নিজ পুলিশ লাইন থেকে। থানায় যাঁরা আছেন, তাঁদের প্রতিদিন খাওয়ার খরচ হিসাবে ১০০ টাকা দেওয়া হয়।’নাম প্রকাশ না করার শর্তে উত্তরা অঞ্চলের একজন পুলিশ পরিদর্শক বলেন, ‘ভাই, শীতের দিনে ডিউটি করা আরাম। তবে গরমে অস্থির হয়ে যাই। বুলেটপ্রুফ জ্যাকেট পরলে তো দম বন্ধ হয়ে যায়।’নাম প্রকাশ না করার শর্তে একজন সহকারী কমিশনার আজ দুপুরে বলেন, ‘গতকাল ভোর চারটা থেকে গাড়ি নিয়ে টহল দিচ্ছি। বিভিন্ন অপারেশনে যেতে হচ্ছে। তার ওপর মামলা-মোকদ্দমার বিষয় তো আছেই।’এ ব্যাপারে তেজগাঁও অঞ্চলের পুলিশের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ‘পরিবার, সংসার বাদ দিলাম। দেশের জনগণের সেবায় কাজ করি। যদি হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মতো ঘটনা না ঘটত, তাহলে ধকলটা অনেক কমে যেত।’